যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অস্থিরতার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচিকে ফোন দিয়েছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এ সময় তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থিরতা নিরসনে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে একটি ‘গঠনমূলক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে আফগানিস্তান।
বুধবার (২২ এপ্রিল) এ ফোনালাপ হয় বলে জানিয়েছে আফগানিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘রেডিও অ্যান্ড টেলিভিশন আফগানিস্তান’।
ফোনালাপে মুত্তাকি জোর দিয়ে বলেন, যে কোনো সংকট সমাধানের একমাত্র পথ হলো সংলাপ ও আলোচনা। ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই কূটনৈতিক যোগাযোগকে তিনি ইতিবাচক হিসেবে বর্ণনা করেন।
আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। মুত্তাকি কাবুল ও তেহরানের মধ্যকার বর্তমান সহযোগিতামূলক সম্পর্ককে ‘ইতিবাচক ও ক্রমবর্ধমান’ হিসেবে উল্লেখ করেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার প্রসারে তিনি সন্তোষ প্রকাশ করেন।
আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। দুপক্ষই প্রতিবেশী দেশ হিসেবে আগামীতে সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করে।