ইরান যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন। চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা হিসেবে কাজ করা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন জানিয়েছে, বিশ্ববাজারে তেলের দামের পরিবর্তনের সাথে মিল রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসির।
প্রতি দশ কর্মদিবস পরপর আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে পেট্রোলের দাম নির্ধারণ করে দেশটির কমিশন।
পেট্রোলের দাম কমে যাওয়ায় এখন থেকে ৫০ লিটারের একটি ট্যাংক ভর্তি করতে গেলে চালকদের প্রায় তিন ডলার সাশ্রয় হবে।
ইরান যুদ্ধ শুরুর পর তেলের দাম বেড়ে যাওয়ায় বেইজিং একাধিকবার পেট্রোল ও ডিজেলের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়িয়েছিল।
এদিকে, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌযান চলাচল বজায় রাখা উচিত বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে শি জিনপিং বলেন, চীন অবিলম্বে সর্বাত্মক যুদ্ধবিরতির আহ্বান জানায়। বিরোধ নিষ্পত্তিতে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়েই সমাধান খোঁজার ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌ চলাচল শুধু আঞ্চলিক দেশগুলোরই নয় বরং আন্তর্জাতিক স্বার্থের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রেখে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পূর্ণ সমর্থন রয়েছে চীনের।