Image description

দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনা হাতুরি দিয়ে যিশু খ্রীস্টের একটি মূর্তি ভাঙছেন, এমন এক ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটি সত্য বলে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) । এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা।

মধ্যরাতের পর সোমবার দেওয়া এক বিবৃতিতে আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এক্স এক পোস্টে বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী ঘটনাটি তদন্ত করবে। তদন্তের ফলাফল অনুযায়ী এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিক পর্যালোচনার পর বাহিনীটি বলেছে, “ফটোগ্রাফটিতে যে আইডিএফ সেনার ছবি এসেছে সে লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযানে আছে বলে তারা নিশ্চিত হয়েছে।”

আইডিএফ দাবি করেছে, তারা এই ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে’ আর এ ধরনের আচরণ তাদের সেনাদের কাছ থেকে ‘প্রত্যাশিত মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের খ্রীস্টান গ্রাম ডেবেলে ছবিটি তোলা হয়েছিল। তখন এই গ্রামটির আশপাশের এলাকায় হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল আইডিএফ।

আইডিএফের নর্দান কমান্ড ঘটনাটির তদন্ত করছে। তারা মূর্তিটি ফের তৈরি করে যথাস্থানে পুনর্স্থাপন করবে বলে ডেবেল গ্রামের খ্রীস্টান সম্প্রদায়কে আশ্বাস দিয়েছে।

ইসরায়েল ও লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ওই ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী সম্পদ ধ্বংস করছে ও লুটপাট করছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণের সর্বশেষ উদাহারণ এই ছবি, লিখেছে টাইমস অব ইসরায়েল।

জেরুজালেমে খ্রীস্টান নেতাদের সঙ্গে ইসরায়েল সরকারের সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এই ছবি সামনে এল।