সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত ২২ হাজার জনকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মোট ৬৯ হাজার রোহিঙ্গার মধ্যে যাদের প্রয়োজনীয় নথিপত্র রয়েছে, তাদের ধাপে ধাপে পাসপোর্ট প্রদান করা হচ্ছে।
সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে নিজের দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে বৈঠককালে তিনি এ তথ্য জানান।
বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু এবং অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সৌদি রাষ্ট্রদূত এ সময় সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানের কাজ দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যাচাই-বাছাই সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে এবং অবশিষ্টদের জন্য প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে। এ উদ্দেশ্যে বাংলাদেশ থেকে একটি বিশেষ টিমও কাজ করছে।
তিনি আরও বলেন, পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সৌদি আরবের কাছ থেকে পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করে তা পুনরায় যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে সৌদি রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ করায় স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। জনশক্তি রপ্তানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে বিনিয়োগ বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে উভয় দেশ আগ্রহী।
শীর্ষনিউজ