মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান সফর করবেন কি না তা বলতে গিয়ে রোববার নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পর পাকিস্তানে পৌঁছেছে একাধিক মার্কিন সামরিক উড়োজাহাজ।
এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারের সময় ট্রাম্প বলেছিলেন, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভ্যান্স পাকিস্তানে যাচ্ছেন না। তবে এর কিছুক্ষণ পর হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে জানান, ভ্যান্সসহ আগের প্রতিনিধি দলের সদস্যরাই দ্বিতীয় দফা সংলাপে অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন।
মার্কিন প্রতিনিধি দলের সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের মধ্যেই সোমবার সকালে পাকিস্তানের আকাশে একাধিক মার্কিন উড়োজাহাজ দেখা যায়। এএফপি প্রকাশিত ছবিতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি বোয়িং সি-১৭এ ম্যাককর্ড পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান সামরিক ঘাঁটিতে অবতরণের প্রস্তুতি নিচ্ছে।
ইসলামাবাদ থেকে আলজাজিরার সাংবাদিক কামাল হায়দার লিখেছেন, গত ২৪ ঘণ্টায় একাধিক মার্কিন উড়োজাহাজ পৌঁছানোর খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি ‘সি-১৭ গ্লোবমাস্টার’ নূর খান ঘাঁটিতে অবতরণ করেছে। এটি ইঙ্গিত দেয়, বুলেটপ্রুফ যানবাহন এবং নিরাপত্তা দলের সদস্যরা ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছেন।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদ শহরজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় ২০ হাজার নিরাপত্তাকর্মী। শহরের বড় একটি অংশ এখন লকডাউনের আওতায়। সরকারিভাবে অধিগ্রহণ করা দুটি হোটেলও সিল করে দেওয়া হয়েছে।
তবে এতসব প্রস্তুতি চললেও ইরানি প্রতিনিধিদের পাকিস্তানে যাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি। কামলা হায়দার লিখেছেন, ইসলামাবাদে যে ধরনের প্রস্তুতি চলছে তাতে ইরানিদের আলোচনায় অংশ নেওয়ার প্রবল সম্ভাবনা আছে। পাল্টাপাল্টি বাগযুদ্ধ সংলাপের ওপর প্রভাব ফেললেও আয়োজকরা প্রত্যাশা করছেন শেষ পর্যন্ত ইরানিরা এতে অংশ নেবে।
শীর্ষনিউজ