ইসলামাবাদে আমেরিকার সঙ্গে শান্তি আলোচনার জন্য কোনো প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেয়নি ইরান। দেশটির আধা সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজের বরাতে রোববার এ তথ্য জানিয়েছে রয়টার্স।
তাসনিম নিউজ জানিয়েছে, যতদিন পর্যন্ত মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে, ততদিন পাকিস্তানে আলোচনার জন্য কোনো প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেয়নি ইরান।
অন্যদিকে সিএনএন জানিয়েছে, আলোচনায় অংশ নিতে ইরানের একটি প্রতিনিধিদল মঙ্গলবার পাকিস্তানে পৌঁছাতে পারে। এতে বোঝা যাচ্ছে, বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনার জন্য ইসলামাবাদ এ যাচ্ছে।
সূত্র বলছে, সম্ভাব্য আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অংশ নিতে পারেন, যারা আগের দফার বৈঠকেও ছিলেন।
বর্তমানে দুই দেশের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষের পথে। ইরান আশা করছে, নতুন আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে একটি যৌথ ঘোষণা আসতে পারে। পরিস্থিতি অনুকূলে থাকলে দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, সংঘাত নিরসনে উভয় পক্ষই আলোচনায় আগ্রহী, তবে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির অধিকার কেড়ে নিতে পারে না। এই ইস্যুটি বর্তমানে আলোচনার অন্যতম প্রধান বিরোধের জায়গা।
শীর্ষনিউজ