Image description

ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেন, ইরানি সেনারা শত্রুর বিরুদ্ধে শেষ নিশ্বাস পর্যন্ত লড়বেন। তারা দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে দৃঢ়প্রতিজ্ঞ।

 

রোববার (১৯ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদন অনুসারে, ইরানের সেনাপ্রধান আমির হাতামি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থল, আকাশ ও সমুদ্রপথের নিরাপত্তা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

 

তিনি জানান, সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে মিলে সেনাবাহিনী যে কোনো শত্রুর মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে। তারা চূড়ান্ত লড়াইয়ের জন্য দৃঢ়প্রতিজ্ঞ।

 

এক বিবৃতিতে হাতামি বলেন, ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যে কোনো আগ্রাসন প্রতিহত করতে সেনাবাহিনী সদাপ্রস্তুত। ইরানি সেনারা ত্যাগ ও জিহাদি চেতনায় উদ্বুদ্ধ এবং তারা তাদের লক্ষ্যের প্রতি অবিচল।

 

 

তিনি আরও বলেন, আমাদের সেনারা বন্দুকের ট্রিগারে আঙুল রেখে শত্রুর মোকাবিলায় প্রস্তুত। দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে এবং শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যেতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।

 

অপরদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি বাতিলের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী বুধবারের মধ্যে যদি কোনো বৃহত্তর বা স্থায়ী সমঝোতায় পৌঁছানো না যায়, তবে এই যুদ্ধবিরতি সমাপ্ত ঘোষণা করা হতে পারে। এ ছাড়া ইরানে হামলার হুমকি দেন তিনি।

 

মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ বহাল থাকবে। আলোচনা ব্যর্থ হলে তিনি সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে বলেন, ‘হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াব না। আমাদের আবারও বোমা ফেলা শুরু করতে হতে পারে।’