Image description

মধ্যপ্রাচ্য সংকট প্রসঙ্গে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে কয়েক দিন ধরেই দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম উইঅন জানাচ্ছে, বুধবার (২৫ মার্চ) রিপাবলিকান ন্যাশনাল কমিটির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ঠাট্টা করে তিনি বলেন, পর্দার আড়ালের আলোচনায় ইরান তাকে তাদের সুপ্রিম লিডারের পদটিও অফার করেছে।

ট্রাম্পের ভাষায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার চেয়ে অজনপ্রিয় কাজ আর নেই। তারা খুব পরিষ্কারভাবেই বলছে, আমরা এই পদ চাই না, আমরা বরং আপনাকে আমাদের পরবর্তী সুপ্রিম লিডার বানাতে চাই। তবে আমি বলেছি, না ধন্যবাদ, আমার ওটার দরকার নেই।’

যদিও ইরানের সঙ্গে আলোচনার দাবি করছেন ট্রাম্প, তবে বরাবরই তার সঙ্গে আনুষ্ঠানিক বা সরাসরি আলোচনার কথা অস্বীকার করে আসছে ইরান। তেহরান শুরু থেকেই বলে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো ধরনের আলোচনা চলছে না।

ইরান যদি পরাজয় মেনে না নেয় এবং যুদ্ধের ময়দান থেকে সরে না দাঁড়ায়, তবে তাদের ওপর অভূতপূর্ব ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। বুধবার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কঠোর ভাষায় তেহরানকে এ সতর্কবার্তা দিয়েছেন।

লেভিট সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ফাঁকা বুলি দেন না এবং তিনি নরক গুলজার করতে প্রস্তুত।’

এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে ১৫ দফা প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, ইরান এখনও মার্কিন প্রস্তাবটি পর্যালোচনা করছে, যদিও শুরুতে তাদের প্রতিক্রিয়া নেতিবাচক ছিল।

এদিকে তেহরান আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।