আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। যুদ্ধ বন্ধে দেশ দুটির সম্পর্ক স্বাভাবিক করতে কূটনৈতিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
শুক্রবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
এক বিবৃতিতে খামেনি বলেছেন, আমরা আমাদের পূর্ব দিকের প্রতিবেশীদের অত্যন্ত ঘনিষ্ঠ মনে করি। দুই ভ্রাতৃপ্রতিম দেশ আফগানিস্তান ও পাকিস্তানকে একে অপরের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের আবেদন জানাচ্ছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমি নিজেও প্রস্তুত।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে তুরস্ক বা ওমানকে লক্ষ্য করে ইরান কোনো হামলা চালায়নি বলে দাবি করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা।
বিবৃতিতে তিনি বলেন, তুরস্ক বা ওমানে সাম্প্রতিক হামলাগুলো ‘কোনোভাবেই ইরানের সশস্ত্র বাহিনী’ বা তাদের মিত্র গোষ্ঠীগুলো চালায়নি।
তার দাবি, এগুলো ছিল ইরানের শত্রুদের সাজানো ঘটনা (ফলস ফ্ল্যাগ)। এসব হামলার উদ্দেশ্য ছিল প্রতিবেশীদের মধ্যে বিবাদ সৃষ্টি করা। এমনটি অন্যান্য দেশেও ঘটতে পারে।
গত ৩ মার্চ ওমানের দুকুম বাণিজ্যিক বন্দরের জ্বালানি ট্যাংকগুলো লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা হয়। তিন দিনের মধ্যে ওই বন্দরে এটি ছিল দ্বিতীয় হামলা। তবে, ইরান এ হামলার দায় অস্বীকার করেছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী ওমান চলমান যুদ্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল।
এছাড়াও গত ৪ মার্চ তুরস্কের রাজধানী আংকারা অভিমুখে ধেয়ে আসা একটি ব্যালিস্টিক মিসাইল দেশটির আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়েছে। এ সময় দাবি করা হয়েছিল, এ হামলা ইরান করেছে। তবে, ইরানের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। ইরান সরকার সাফ জানিয়েছিল, শত্রুরা আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর লক্ষে এ হামলা চালিয়েছে।