যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানে আটকে পড়া ২৮২ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (২০ মার্চ) রাত ৭টা ২৫ মিনিটে তাদের বহনকারী চার্টার্ড ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাহরাইন থেকে সৌদি আরবের দাম্মাম হয়ে দেশে ফেরেন তারা।
এর আগে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার জানান, ইরান-ইসরাইল যুদ্ধের কারণে বাহরাইনের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার পর এটিই প্রথম ফ্লাইট।
এদিকে রাত ১টা ২৭ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৫৩০২ ফ্লাইটে আজারবাইজানের বাকু থেকে আরও ২৮০ বাংলাদেশি ফিরছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের উপস্থিত থেকে তাদের স্বাগত জানাবেন।
বোয়িংয়ের ৭৮৭ ড্রিমলাইনার মডেলের বিমানটি বাকু হায়দার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা করে বসে। এর পাল্টায় ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে থাকে।
তাতে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ে যুদ্ধ। ফ্লাইট চলাচল যাওয়ায় বহু মানুষ আটকা পড়ে। বাংলাদেশেও অনেক প্রবাসী মধ্যপ্রাচ্যে ফিরতে না পেরে ভোগান্তিতে পড়েন।
এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন থেকে কয়েকটি ফ্লাইটে আটক পড়া বাংলাদেশিদের একটি অংশ ফিরতে পারলেও ইরান থেকে একটি দলকে ফেরানো হচ্ছে এই প্রথম।
এর আগে গত বছরের জুনে ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে সে দেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।