Image description

জাপানকে তাদের ভুলগুলো সংশোধন করতে, নিজেদের পথ পরিবর্তন করতে এবং ভুল পথে আর না এগোতে আহ্বান জানিয়েছে চীন।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেইজিংয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা প্রকাশিত একটি প্রতিবেদন বিষয়ে প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ কথা বলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিনহুয়া।

প্রতিবেদন অনুসারে, তাইওয়ান বিষয়ে জাপান তার পূর্ববর্তী অবস্থান থেকে সরে এসেছে। তবে জাপান সরকার বলেছে, অস্তিত্বের জন্য হুমকি নির্ধারণের পদ্ধতিতে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

 

লিন বলেন, তাইওয়ান বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ভ্রান্ত মন্তব্য চীনের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জভাবে হস্তক্ষেপ করেছে, তাইওয়ান প্রশ্নে সশস্ত্র হস্তক্ষেপের চেষ্টার বিষয়ে জাপানের উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছে এবং চীনের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে।

 

তিনি আরও যোগ করেন, চীন এ বিষয়ে বারবার তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে।

 

মুখপাত্র বলেন, তাকাইচির মন্তব্যের বিদ্বেষপূর্ণ প্রকৃতি ও প্রভাব সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় ক্রমশ সচেতন হচ্ছে। জাপানের এই উস্কানিগুলো নিয়ে বিশ্ব এখন সজাগ।

 

জাপান কেবল ‘অবস্থান পরিবর্তন হয়নি’ বলে দাবি করে এশীয় প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন করতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি।

 

লিন বলেন, চীন জাপানি পক্ষকে তাদের ভুলগুলো সংশোধন করার, সঠিক পথে ফেরার এবং চীন ও জাপানের মধ্যকার চারটি রাজনৈতিক দলিল বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। জাপানকে অবশ্যই তাদের নিজস্ব প্রতিশ্রুতি বজায় রাখতে হবে এবং জাপানি সংবিধানের শান্তিবাদী ধারাগুলো মেনে চলতে হবে।