মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এবার আক্রান্ত হয়েছে ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে। দেশটির একটি গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কেন্দ্রটি সরাসরি ইসরায়েলি প্রতিরক্ষা শিল্পের সঙ্গে জড়িত। এই হামলার দায় স্বীকার করেছে ‘দ্য আর্থকুয়েক ফ্যাশন’ নামক একটি গোপন গোষ্ঠী (আন্ডারগ্রাউন্ড গোষ্ঠী)।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শুক্রবার (২০ মার্চ) ভোরে অস্ত্র কারখানাটিতে অগ্নিসংযোগ ঘটে।
চেক কর্তৃপক্ষ ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা এর পেছনে কোনো ‘সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্র’ আছে কি না তা খতিয়ে দেখছে।
চেক কোম্পানি এবং এলবিট সিস্টেমস-এর যৌথ পরিচালনায় থাকা এই সাইটটির বেশ কয়েকটি ভবন ভোরে চালানো এই হামলায় ধ্বংস হয়ে গেছে। এলবিট সিস্টেমস ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল ও আকাশপথের অস্ত্রের প্রধান সরবরাহকারী হিসেবে পরিচিত। গাজা এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত ইসরায়েলের অস্ত্রের একটি অংশ এই কারখানা থেকে আসে।
দ্য আর্থকুয়েক ফ্যাশন নামে গোষ্ঠীটি টেলিগ্রামে জানিয়েছে, এই সাইটটি ইসরায়েলের বৃহত্তম অস্ত্র নির্মাতার ইউরোপীয় কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এটি দাউ দাউ করে জ্বলছে।
গোষ্ঠীটি আরও জানিয়েছে, সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে সহায়তা চাওয়ার সময় আর নেই...। আমরা তাদের হত্যার সরঞ্জামগুলো ধ্বংস করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।