আমার নির্বাচনী ইশতেহারের এক নম্বর ছিল নারী শিক্ষার্থীদের জন্য একটি জিমনেসিয়াম প্রতিষ্ঠা করা। দায়িত্ব গ্রহণের পর প্রথমেই প্রশাসনের কাছে প্রস্তাবটি উত্থাপন করি। কিন্তু বাজেট সংকটের কথা জানিয়ে প্রশাসন শুরুতে প্রস্তাবটি নাকচ করে দেয়।
একই সময়ে খেলার মাঠের বিভিন্ন ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে ব্যর্থ প্রমাণের চেষ্টা এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে নানা চাপের মুখেও পড়তে হয়েছে।
তখন মনে হলো, ইশতেহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দৃশ্যমান কাজ হিসেবে নারী জিমনেসিয়ামটি প্রতিষ্ঠা করতে পারলে সেটি হবে একটি বড় অগ্রগতি।
এ লক্ষ্যে ডাকসুর ভিপি-জিএসসহ পরিচিত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছি।
আমার এলাকার সংসদ সদস্য ডা.মসলেহ উদ্দিন ফরিদকেও বিষয়টি জানাই। তিনি আকিজ গ্রুপের একজন প্রতিনিধিকে নিয়ে এসেছিলেন। তবে তিনি আসার আগের দিনই আমান গ্রুপ নারী জিমনেসিয়াম প্রতিষ্ঠার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেয়। পরবর্তী সময়ে আকিজ গ্রুপের পক্ষ থেকেও নারী শিক্ষার্থীদের বাসের ব্যবস্থা করা হয়। যা এখনো আটকে আছে।
জিমনেসিয়াম প্রতিষ্ঠার পুরো প্রক্রিয়ার জটিলতা। শুরু থেকে নানা রকম বাঁধার মুখোমুখি হতে হয়েছে। বিদ্যুৎ কানেকশন আটকে ছিলো অনেকদিন। ডাকসুর সদস্য রায়হান উদ্দিনকে সঙ্গে নিয়ে কাজ করেছি।
স্পোর্টস বোর্ডের সাব-কমিটির সভা থেকে শুরু করে প্রশাসনের উচ্চপর্যায় পর্যন্ত অনেক কথা শুনতে হয়েছে, অনেক পরিস্থিতি সামাল দিতে হয়েছে। শুধু একটি জিম প্রতিষ্ঠার জন্য এত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে, তা ভাবিনি। বার বার মনে হয়েছে এটা না করে আমি আরো ২০টা টুর্ণামেন্ট করতে পারতাম। একেতো মেয়েরা তাদের অধিকার আদায়ে সোচ্চার হতে চায় না। বিপরিতে ছেলেদের কথা ও প্রশাসনের বাধা।
ব্যক্তিগতভাবে কথা বলার চেয়ে কাজ করাকে বেশি গুরুত্ব দিই। অনেক সময় সরাসরি জবাব দেওয়ার সুযোগ থাকলেও কাউকে কষ্ট দেওয়ার আশঙ্কায় নীরব থেকেছি। অনেকে হয়তো আমার এই নীরবতাকে দুর্বলতা মনে করেছেন। এ নিয়ে আমার কারো উপর রাগ নেই।
দীর্ঘ ৮মাস পর নারী জিমনেসিয়ামের উদ্বোধন হয়েছে। তবে আজকে দুপুর ১টার সময় জিমে তালা ঝুলিয়ে দিয়েছে। শিক্ষার্থীদের ফিরে যাওয়ার ঘটনা দেখতে হয়েছে।
জিম পরিচালনার জন্য নির্ধারিত অ্যাটেনডেন্টের অফিসিয়াল সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা। তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে কেন জিম বন্ধ করে দেওয়া হচ্ছে, সেটি আমার বোধগম্য না।
উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও অপপ্রচার হয়েছে। প্রথমে বলা হচ্ছে, অনুষ্ঠানে শুধু ছেলেরা উপস্থিত ছিল বেশি মেয়ে কম।
অথচ আমার আয়োজিত অনুষ্ঠানগুলোর মধ্যে নারী শিক্ষার্থীদের সবচেয়ে বেশি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি এই উদ্বোধনী অনুষ্ঠানেই।
পরে জিমের ভেতরে একটি ট্রেডমিলে একাধিক শিক্ষার্থীর দাঁড়িয়ে থাকার ছবি দিয়ে নোংরামি করা হচ্ছে। এমন নেতিবাচক প্রচারণা সত্যিই দুঃখজনক।
নারী শিক্ষার্থীদের জিম তাদের ন্যায্য অধিকার। ছেলেদেরও নারীদের অধিকারের জায়গাটা বোঝা উচিৎ।
এতদিন তারা যে সুযোগ থেকে বঞ্চিত ছিল। এই অর্জনকে কেন্দ্র করে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি না করে বরং জিমটা কীভাবে আরও কার্যকর করা যায়, সেদিকে মনোযোগ দেওয়া উচিত।
উদ্বোধনের পর অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে জানিয়েছেন, অনুষ্ঠানের পোস্টে আমার নাম উল্লেখ করা হয়নি কিংবা ছবিতে আমাকে রাখা হয়নি। বিষয়টি অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে থাকতে পারে।
ডাকসুতে ব্যক্তিগত প্রচার, নাম কিংবা ছবি বড় করার জন্য কাজ করি না। আমার উদ্দেশ্য শিক্ষার্থীদের জন্য কাজ করা। এ বিষয়ে কোনো অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ও ছিল না বলে বিশ্বাস করি।
এবার ছেলেদের জিমের প্রসঙ্গে আসি। নারী জিমের পাশাপাশি ছেলেদের জিমের উন্নয়নেও কাজ করেছি। বর্তমান জিমের অবস্থা খুবই বাজে। শুরুতে কিছু নতুন ইনস্ট্রুমেন্ট আনা হয়েছিল। সর্বশেষ প্রায় দুই লাখ টাকার নতুন সরঞ্জাম যুক্ত করা হয়েছে। কিন্তু এসব কাজের প্রচার না করায় অনেকের ধারণা, কোনো কাজই হয়নি। আসলে, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় বাজেট ও প্রশাসনিক সহযোগিতার অভাবে জিমের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।
এমনকি জানুয়ারি মাসে ইউজিসিতে ৫০ লাখ টাকার একটি বাজেট প্রস্তাবও পাঠানো হয়েছিল। বাজেট পাওয়ার কথা ২০২৬-২৭ অর্থবছরে কিন্তু এখনো সেই অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। আশাকরি, ডাকসুর মেয়াদ শেষ হওয়ার পর হলেও বাজেটটি বাস্তবায়িত হবে এবং ছেলেদের জিমের প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন সম্পন্ন হবে।
আমার মূল পরিকল্পনা ছিল নারী ও পুরুষ উভয়ের জন্য জিমের সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্প্রসারণ করা। কিন্তু এ বিষয়ে শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এখানকার কার্যক্রম শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিদ্ধান্তের ভিত্তিতে পরিচালিত হয়। ফলে এখানে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে ডাকসুর একক কর্তৃত্ব নেই।
শারীরিক শিক্ষা কেন্দ্রের বিভিন্ন সমস্যার সমাধানে পরামর্শ দিয়েও অনেক সময় কার্যকর উদ্যোগ দেখা যায়নি। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্টরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর ছেড়ে দিয়েছেন। এমনকি বিভিন্ন দুর্ঘটনার পরও প্রয়োজনীয় শিক্ষা ও পরিবর্তন দৃশ্যমান হয়নি। এসব বিষয়ে আরও অনেক কথা বলার থাকলেও আপাতত সেদিকে যেতে চাই না।
আমি আমার দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করেছি। প্রয়োজনীয় বাজেট পাইনি, নানা বাধার সম্মুখীন হয়েছি, তারপরও কাজ থামিয়ে রাখিনি।
শিক্ষার্থীরা যদি আমার কাজের মূল্যায়নে আমাকে ব্যর্থ মনে করেন, সেই দায় আমি মাথা পেতে নিতে প্রস্তুত। তবে যেসব কাজে প্রশাসনিক বাধা এসেছে, সেসব ব্যর্থতার দায়ও প্রশাসনের সামনে জোর দিয়ে বলতে হবে।
