Image description

দুই/তিনদিন আগের কথা। রিকশা করে এক জায়গায় যাওয়ার পথে ঠিক চার রাস্তার মোড়ে এসেই থমকে যেতে হলো। এক পাশের আটকে দিয়েছে ব্যানার হাতে ২০/২৫ জন মানুষ। তাদের ‘সুযোগ’ সংক্রান্ত কোনো দাবি–দাওয়া আছে বোঝা গেল। তাদের সামনে পুলিশ দাঁড়িয়ে, আর যেতে দেবে না। অগত্যা সেখানেই শুরু হয়ে গেছে স্লোগান। বেশ পরিচিত স্লোগানই—‘লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে…!’

 

রক্তে আগুন লেগে যাওয়ার এই স্লোগান অনেক পুরনো। বিভিন্ন আন্দোলন, সংগ্রামে এই স্লোগান ঢাকার রাজপথ কাঁপিয়েছে, কখনও প্রকম্পিত হয়েছে পুরো দেশও। তবে তখন আন্দোলন বুঝে স্লোগানের মাত্রার তারতম্য হতো। রক্তে আগুন তাই তখনই লাগত, যখন আগুন লাগা ছাড়া আর উপায় থাকত না। দিনকে দিন আমাদের সহনশীলতা কমেছে, কমে গেছে পরিমিতিবোধও। তাই রক্তে আগুন এখন বেশ দ্রুতই লাগে।

 

তবে স্লোগানটি রিকশায় বসে শোনামাত্রই কেন জানি একটু সচকিত হতে হলো অবচেতনভাবেই, সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতায়। ইদানিং চারদিকে আগুন দেওয়ার খবর শোনা যাচ্ছে। হামলা, মামলাও থেমে নেই। তবে আগুনটা এই পেটি মধ্যবিত্ত ছাপোষা মনে একটু বেশিই আতঙ্ক ছড়ায়। আতঙ্ক সয়ে শঙ্কাভরা মাথায় শুধু আনমনে খেদ ওঠে—এই দেশে আসলে কার রক্তে কে আগুন লাগায়!

 

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তার দল আওয়ামী লীগও এখন কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল। এমন প্রেক্ষাপটে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুনসহ নানা ধরনের সহিংসতা দেখা দিয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে ৫ নভেম্বর থেকে ১৬ নভেম্বর রাত পর্যন্ত, মাত্র ১২ দিনে ৯টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আর গত দুই দিনে আরও খানপাঁচেক বাসে আগুন দেওয়ার ঘটনা সামনে এসেছে। আগুন দেওয়া এসব বাসের মধ্যে চলন্ত, পার্ক করে রাখা—সবই আছে। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ।

 

বাসে আগুন দেওয়ার প্রক্রিয়াগুলোও আতঙ্কের। কোথাও হয়তো বাসের চালক ও সহকারী রাস্তার ধারে বাস রেখে চা খাচ্ছিলেন, হঠাৎ দেখলেন বাসে আগুন ধরে গেছে। অথবা কোনো বাস হয়তো চলন্ত অবস্থায় বিভিন্ন স্টপেজে যাত্রী নামাচ্ছে, হুট করেই যাত্রী সেজে বাসের ভেতরে থাকা কয়েকজন আগুন ধরিয়ে দিল। পুলিশ বলছে, আগুন দিতে ব্যবহার হচ্ছে গান পাউডার ও পেট্রোল। বুঝে দেখুন তাহলে, আগুন ঠিকঠাক মতো ধরলে তা কতটা ভয়ঙ্কর ও প্রাণনাশী হয়ে উঠতে পারে।

শুধু বাস কেন, এখন তো বাড়িঘরেও আগুন দেওয়া হচ্ছে। বিএনপির নেতা বা স্থানীয় সংসদ সদস্যের বাড়িতেও আগুন দেওয়া হচ্ছে। আবার কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা দেখা যাচ্ছে। হচ্ছে প্রাণহানিও। বিভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী মানুষ যেমন মরছে, তেমনি ব্যাপক ঝুঁকিতে সাধারণ খেটে খাওয়া মানুষও। সাধারণের জানও যাচ্ছে। এর আগে ছুড়ে মারা ককটেলেও সাধারণ মানুষের প্রাণ যেতে দেখেছি আমরা। দেখেছি একেবারে খেটে খাওয়া মানুষের এসব নাশকতায় ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি।

 

এভাবে রাজনৈতিক কারণে জ্বালাও, পোড়াও করে নাশকতার ঘটনা ঘটানো আমাদের এই বাংলাদেশে নতুন কিছু নয়। গত ৩০ বছরের হিসাব মাথায় নিলে দেখতে পাব কোনো সময়ই আসলে এই দেশ সেভাবে নাশকতা বা আগুনমুক্ত ছিল না। বেশির ভাগ সময়েই দেখা গেছে, ক্ষমতাসীন রাজনৈতিক দল এসব নাশকতার দায় রাজনৈতিকভাবে দিয়েছে বিরোধী দলগুলোর ওপরে। আর অন্যদিকে বিরোধী দলগুলো এসব অভিযোগ অস্বীকার করে গেছে। অর্থাৎ, এসব নাশকতার জ্বালানি আসলে জোগায় রাজনৈতিক কারণই এবং কখনও ঘোষণা দিয়ে, কখনও ঘোষণা না দিয়ে এসব ঘটনা বেশির ভাগ ঘটানো হয় রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখেই। এতদিন ধরে আমজনতা সেটিই দেখে আসছে সাদা চোখে।

কিন্তু রাজনীতি আসলে কাদের জন্য করা হয়? রাজনীতিবিদদের জিজ্ঞেস করলে, তারা সব সময়ই বলে থাকেন—‘রাজনীতি করা হয় মানুষের জন্য’। এই মানুষ আসলে একেবারেই সাধারণ জনতা। ভোট দিতে দিলে এরা ভোট দিতে যায়। জনপ্রতিনিধি ও সরকার নির্বাচন করে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটিই নাগরিকদের জন্য সবচেয়ে বড় কাজ। তাত্ত্বিকভাবে বলা হয়, সব রাজনৈতিক কর্মকাণ্ড আসলে করা হয় জনগণের জন্যই। তবে আমাদের মতো দেশে জনগণের জন্য দীর্ঘদিন ধরেই বরাদ্দ যেন শুধুই ভোগান্তি। নাশকতা বাড়তে থাকে, আর সাধারণ মানুষের ভোগান্তিও বাড়তে থাকে। এই যেমন, এখনকার নাশকতার ঘটনায় বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। মানুষ নির্ভয়ে ঘর থেকে বের হতেও পারছে না। এসবে পণ্য ও যাত্রী পরিবহণ বিঘ্নিত হচ্ছে। সব মিলিয়ে ভোগান্তি ওই আমজনতারই। এর বাইরে জানের ভয় তো আছেই। আবার এভাবে জান হারালেও কারও কিছু যায় আসে না। একটু উহু, আহা শুনিয়ে দেয় রাজনীতির মানুষেরা, মিডিয়া দুই, একটা সংবাদ প্রকাশ করে, আর কয়েক দিন পর কেউ কিছু মনেও রাখে না। বোঝে শুধু যারা হারায়, তারাই।

 

তাই যে জনগণের কথা বলে রাজনীতি করার দাবি তোলা হয়, সেই রাজনীতিরই মাঠ গরমের বলি হয় সাধারণ জনতা। এই দেশের রাজনীতিও কেন জানি আগুন লাগিয়ে, হামলা–মামলা করে সাধারণ মানুষকে না জ্বালিয়ে কখনও নিজের ক্ষমতা জাহির করতে পারে না। ক্ষমতা দেখানোর তাই অন্যতম উপকরণ হলো—সাধারণ নাগরিককে ভয় দেখাতে হবেই! এভাবেই স্বাধীনতার ৫৫ বছর পরও একটি দেশে ক্ষমতা ও জনতার মধ্য থেকে রাজনীতি কেন যেন শুধুই ক্ষমতা বেছে নিতে চায়। আর সেই ক্ষমতার জন্য পেশীশক্তির প্রভাব প্রদর্শনের অন্যতম সূচক হয়ে দাঁড়িয়েছে জনতার ভয় পাওয়ার মাত্রা। প্রশ্ন হলো—সাধারণ মানুষকে ভয় দেখানোর এই সহিংস ‘রাজনৈতিক’ নাশকতা আর কতকাল চলবে এ দেশে?

 

বাংলাদেশে তাই আমরা আমজনতারা সব সময়ই শঙ্কা আর আতঙ্কের মধ্যেই থাকি। আগুন যখন জ্বলে, তখন পুড়ে মরার ভয়ে থাকি। আর যখন আগুন জ্বলেও না, তখনও ভয়ে থাকি এই ভেবে যে—কে জানে কখন আগুন জ্বলে ওঠে! আর আগুন যাদেরই জ্বালানো হোক না কেন, দিন শেষে তো শুধু আমাদেরই বেশি ভুগতে হবে, ঠিক কি না?

 

এভাবেই এ দেশের সাধারণ মানুষ হয়ে উঠেছে শীতের সেই শুকনো পাতার মতো, যাদের কেবলই রাস্তার এক পাশে স্তূপ বানিয়ে রাখা হয় পরিষ্কার–পরিচ্ছন্নতার দোহাই দিয়ে। সেই স্তূপে আবার ইচ্ছে করেই আগুন ধরানো হয় নিঃশেষ করার আকাঙ্ক্ষায়। তাদের রক্তে আগুন লাগানো হয় আক্ষরিক অর্থেই। আর সেই রক্ত পোড়া ধোঁয়াতেই হয়তো এই জমিনে পোক্ত হয় ক্ষমতার হ্যাডম দেখানোর দম্ভ!