দেশের বিভিন্ন জেলায় ১৯ নভেম্বর ভোর পর্যন্ত ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে ধারাবাহিক হামলা, পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের শাখাগুলোর নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সরদার আকতার হামিদ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রীকে এ চিঠি দেন।
চিঠিতে দেয়া তথ্য অনুযায়ী, পরপর ঘটা এসব হামলার ঘটনায় ব্যাংকটির পাঁচটি শাখা সম্পূর্ণ পুড়ে গেছে। এতে গ্রামীণ ব্যাংকের ১ কোটির বেশি সদস্যের সঞ্চয় ও আর্থিক সেবা ঝুঁকিতে পড়েছে।
এর আগে প্রধান কার্যালয়সহ সব শাখার নিরাপত্তা চেয়ে পুলিশ মহাপরিদর্শককেও (আইজিপি) চিঠি দিয়েছিল প্রতিষ্ঠানটি। জাতিসংঘের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে সব ধরনের সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্তের তাগিদ দেয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি
স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো চিঠিতে বলা হয়, গত ১০ নভেম্বর থেকে ১৯ নভেম্বর ভোর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি শাখা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং ৬৭টি শাখা ও কার্যালয় নানা মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে গত ১৬ নভেম্বর ব্যাংকের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পরও আরও শাখা ও কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
চিঠির বিষয়টি নিশ্চিত করে গ্রামীণ ব্যাংকের এমডি সরদার আকতার হামিদ স্ট্রিমকে বলেন, ‘সপ্তাহ দেড়েক আগে আমরা পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছিলাম। আজ (বৃহস্পতিবার) বিকেলের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বরাবর চিঠি দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংককে কেন টার্গেট করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে বলা মুশকিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখছি, যারাই আগুন দিচ্ছে, তারা নানাভাবে ভিডিও করছে। বেশ কিছু জায়গায় আমাদের কর্মীরা বেশ কিছু স্লোগান শুনেছেন। এর বাইরে আমাদের আর কোনো পর্যবেক্ষণ নেই।’
ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ নিয়ে সরদার আকতার হামিদ স্ট্রিমকে বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে কোনো হিসাব নেই। কারণ কোনো কোনো জায়গায় আমরা এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করার মতো অবস্থায়ও নেই। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার পাটগাতীসহ এসব জায়গায় আমাদের যেসব শাখা পুড়েছে, সেখানে আমরা প্রবেশও করতে পারছি না। আমাদের কর্মীরা ফোনে পরিস্থিতি জানাচ্ছেন।’
তিনি বলেন, ‘এসব ঘটনায় আমাদের কর্মীদের কেউ আহত হননি। আমরা পরিস্থিতি বুঝতে পেরেই তাদের সরিয়ে নিয়েছি। আর বিভিন্ন জেলার স্থানীয় পুলিশ ব্যাংকের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছে এবং খবর দিলেই নিরাপত্তা দিতে এগিয়ে আসছে। টুঙ্গিপাড়া ও আশপাশের অঞ্চল বাদে দেশের বাকি জায়গায় ব্যাংকের কার্যক্রম মোটামুটি স্বাভাবিকভাবেই চলছে।
নথিপত্র পুড়ে যাওয়ায় ঋণ আদায়ে কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে তিনি স্ট্রিমকে বলেন, ‘সাময়িক কিছুটা সমস্যা হতে পারে। তবে আমাদের নিজস্ব কম্পিউটার সিস্টেমে সব রেকর্ড সংরক্ষিত আছে, যেখান থেকে সব তথ্য বের করা যাবে। কেবল এক-দুই দিনের তথ্য নিয়ে একটু ঝামেলা হতে পারে’।
এসব হামলার ঘটনা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা, ভাঙচুর ও নাশকতার ঘটনাগুলো। বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান।’
শেষ দুই দিনে ৪৯ হামলা
গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের ১৯ নভেম্বরের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, ১০ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত প্রথম সাত দিনে ২০টি শাখা ও কার্যালয়ে ২১টি হামলার ঘটনা ঘটে। ১৭ নভেম্বর আরও দুটি শাখায় হামলা হয়। তবে শেষ দুই দিনে (১৮ ও ১৯ নভেম্বর) হামলার ঘটনা ব্যাপক আকার ধারণ করে। এই দুই দিনেই ৪৯ স্থানে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে, যার মধ্যে ১৮ নভেম্বর ২০টি এবং ১৯ নভেম্বর ভোর পর্যন্ত ২৯টি ঘটনা ঘটে।
নথিতে দেখা যায়, ৭২টি ঘটনার মধ্যে ৩০টির বেশি ক্ষেত্রে মূল ফটক বা বারান্দায় পেট্রল ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হলেও কর্মী ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বেশ কয়েকটি শাখায় নথিপত্র, আদায় শিট, পাসবই, সাইনবোর্ড ও আসবাব পুড়ে গেছে। কিছু জায়গায় লুটপাটের ঘটনা ঘটেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী শাখায়। গত ১০ নভেম্বর শাখাটির দরজার সামনে প্রথম দফায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। পরে মামলার বাদী থানার এক উপপরিদর্শকের (এসআই) ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। তিনি এখনো চিকিৎসাধীন। এর পাঁচ দিন পর ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বিতীয় দফায় শাখাটিতে পেট্রল ঢেলে আগুন দিলে অফিসের প্রায় সবকিছু পুড়ে যায়। এরপর দুর্বৃত্তরা কার্যালয়টি ঘেরাও করে কাউকে ভেতরে ঢুকতে দেয়নি। একই দিন গোপালগঞ্জের উলপুর শাখায় আগুন দিয়ে আদায় শিট পুড়িয়ে দেওয়ার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙচুর করে হার্ডডিস্ক নিয়ে যায় হামলাকারীরা।
গোপালগঞ্জের কাশিয়ানী, রাতইল ও সাজাইল শাখায় কার্যালয়ের কাগজপত্র ও চেয়ার বাইরে এনে পেট্রল দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। ১৮ নভেম্বর এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সাজাইল শাখার চেয়ার ও টেবিল ভ্যানে করে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। ওই দিন সন্ধ্যায় খুলনার জলমা শাখার সাইনবোর্ড ককটেল নিক্ষেপ করে হামলাকারীরা পালিয়ে যায়।
এছাড়া ১০ থেকে ১৯ নভেম্বর ভোর পর্যন্ত শেরপুর, কক্সবাজার, দিনাজপুর, জয়পুরহাট, বরগুনা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, রংপুর, নাটোর, পটুয়াখালী, টাঙ্গাইল, রাজশাহী, পিরোজপুর, হবিগঞ্জ, ফরিদপুর, বরিশাল, নওগাঁ, বগুড়া, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, গাইবান্ধা, চুয়াডাঙ্গা, ফেনী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মাগুরা, যশোর, জামালপুর, নরসিংদী, রাজবাড়ী ও ময়মনসিংহসহ ৪০ জেলার বিভিন্ন শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়।
ব্যাংকের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বিচ্ছিন্নভাবে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুরু হয়, যা ২০২৫ ও চলতি বছরে আরও বাড়ে।
মামলা একটি, জিডি হয়েছে সাতটিতে
অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের নথি অনুযায়ী, ৭২টি ঘটনার মধ্যে এখন পর্যন্ত কেবল টুঙ্গিপাড়ার পাটগাতী শাখায় ১০ নভেম্বরের প্রথম হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। চট্টগ্রামের আনোয়ারা থানায় এজাহার দাখিল করা হলেও এখনো মামলা নথিভুক্ত হয়নি। কক্সবাজারের চকরিয়া ও জয়পুরহাটের পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এছাড়া বরগুনার আমতলী (কড়ইবুনিয়া শাখা), পাবনার সুজানগর (দোগাছী), নেত্রকোনা সদর (চল্লিশা), গাজীপুরের শ্রীপুর (টেংরা), সিলেটের শাহপরাণ (সিলেট এরিয়া অফিস) এবং টাঙ্গাইলের দেলদুয়ার (লাউহাটি) ও বাসাইল থানায় মোট সাতটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আরও ১২টি ঘটনায় জিডি বা অভিযোগ করার প্রক্রিয়া চলছে এবং বাকি অর্ধশতাধিক ঘটনায় এখনো কোনো জিডি বা অভিযোগ করা হয়নি।
গ্রামীণ ব্যাংকের নেত্রকোনার জোনাল ব্যবস্থাপক নারায়ণ দত্ত মণ্ডল জানিয়েছেন, প্রত্যন্ত ও বাজারকেন্দ্রিক শাখাগুলোয় নিরাপত্তার ঘাটতি কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান। স্ট্রিমকে তিনি বলেন, ধাপে ধাপে সব শাখায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।
ঝুঁকিতে কোটি গ্রাহকের আর্থিক সেবা
স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া চিঠিতে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ও গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ অনুযায়ী পরিচালিত এই সংবিধিবদ্ধ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের।
প্রতিষ্ঠানটির গত অক্টোবর মাসের প্রতিবেদন অনুযায়ী, দেশের ৬৪ জেলার ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস, ৪০টি জোনাল অডিট অফিস এবং নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে। বর্তমানে এর সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। সদস্যদের কাছে মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং তাঁদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এছাড়া বিভিন্ন ব্যাংকে জমা ও সরকারি ট্রেজারি বিলে ব্যাংকটির প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে।
গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য হলো এই ধারাবাহিক হামলার ঘটনা কেবল একটি প্রতিষ্ঠানের সম্পদ ও অবকাঠামোর ওপর আঘাত নয়, বরং দেশের কোটি মানুষের সঞ্চয়, ঋণ কার্যক্রম, জীবিকা ও সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।
জাতিসংঘের উদ্বেগ ও তদন্তের তাগিদ
গ্রামীণ ব্যাংকের শাখাগুলোয় হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সোমবার (১৬ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, ‘আমরা বিশ্বাস করি, সহিংসতার সব কটি কর্মকাণ্ডই বাংলাদেশের জাতীয় কর্তৃপক্ষের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।’
পাশাপাশি বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রয়েছে উল্লেখ করে তা অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে বলে উল্লেখ করা রয়েছে।
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন।