Image description

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা আগামী এক মাসের মধ্যে কেবল অকৃতকার্য হওয়া বিষয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান আজ শনিবার প্রথম আলোকে বলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষার তারিখ, ফরম পূরণের সময়সূচি ও ফি কত হবে, সে বিষয়ে বিস্তারিত আগামী ৩ নভেম্বরের মধ্যে জানিয়ে দেওয়া হবে।

তবে ঢাকা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর এই পরীক্ষা নেওয়া যায় কি না, সে বিষয়ে প্রাথমিকভাব আলোচনা হচ্ছে। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষার ফলাফল দেওয়ার চিন্তাভাবনা চলছে। কারণ, এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও যেন উচ্চশিক্ষায় ভর্তির সুযোগটা পান।

বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাঁকে এক বছর পর, অর্থাৎ পরের বছরের পরীক্ষায় আবার বসতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলোতে অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। কিন্তু একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে একজন শিক্ষার্থীকে দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়।

এবার দুই বিষয়ে অকৃতকার্য পর‍ীক্ষার্থী ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এর মধ্যে ১ বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং ২ বিষয়ে ফেল করেছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী।

আজ ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা আগামী এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।