সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজারসংলগ্ন সড়কে ইমাদ পরিবহনের ধাক্কায় আব্দুল খালেক (বৃদ্ধ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। আহতরা খুলনা থেকে লংমার্চ করে সাতক্ষীরায় ফেরার পথে বাসে থাকা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, সাতক্ষীরা থেকে ঢাকা গামী ইমাদ পরিবহনের ধাক্কায় আব্দুল খালেক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। নিহত আব্দুল খালেক পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় অসাবাভিক ভাবে চলাফেরা করতেন। স্থানীয়রা তাকে খালেক পাগল বলে ডাকতেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা লংমার্চফেরত বাসটি বৃদ্ধাকে বাঁচাতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জেল হোসেন।