কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ছাত্রকে দিয়ে পরীক্ষাপত্র মূল্যায়নের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেওয়া হলো। আজ রবিবার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষক নিজে উত্তরপত্র না দেখে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
জানা যায়, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মো. বাচ্চু মিয়া এসএসসি ২০২৬ সালের সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র নিজে নিরীক্ষণ না করে তার ছাত্রকে দিয়ে মূল্যায়ন করিয়েছেন।
এ বিষয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশনার পর, গতকাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া এবং ওই স্কুলের ছাত্রের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।
তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা অপরাধ আইন, ১৯৮০ এর ১০/১২/১৩ ধারায় মামলা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাতেই অভিযুক্ত দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে।