রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে আবাসিকতার অনুমতি বাতিল হওয়ার পরও হল সংসদের দুই নেতা হলে অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনের নির্দেশ কার্যকর না হওয়ায় বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
অভিযোগে নাম আসা দুই নেতা হলেন- শহীদ জিয়াউর রহমান হল সংসদের এজিএস ইসরাফিল হোসাইন এবং সাংস্কৃতিক সম্পাদক সাকিব জুবায়ের।
জানা গেছে, তারা দুজনই হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে অংশ নিয়েছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে শহীদ জিয়াউর রহমান হলের একটি কক্ষে নারী শিক্ষার্থী থাকার সন্দেহে তল্লাশি চালানো হয়। যদিও ওই অভিযানে কোনো নারী শিক্ষার্থীকে পাওয়া যায়নি। তবে ঘটনাটিকে কেন্দ্র করে হল প্রশাসন এজিএস ইসরাফিল হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক সাকিব জুবায়ের এবং আবাসিক শিক্ষার্থী ফোরকান হাফিজ জীমের আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত নেয়।
কিন্তু অভিযোগ রয়েছে, আবাসিকতার অনুমতি বাতিল হলেও ইসরাফিল হোসাইন ও সাকিব জুবায়ের এখনও হলে অবস্থান করছেন।
এ বিষয়ে জানতে চাইলে ইসরাফিল হোসাইন বলেন, আবাসিকতা-সংক্রান্ত বিষয়টি হল প্রশাসনের কাছে জানতে হবে। এ বিষয়ে মন্তব্য করার মতো কিছু তার জানা নেই।
অন্যদিকে, সাকিব জুবায়েরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হল সংসদের ভিপি মোজাম্মেল হক বলেন, ১১ এপ্রিলের ঘটনার পর একাধিক বৈঠক হলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে হল প্রশাসন সাময়িকভাবে এজিএস ও সাংস্কৃতিক সম্পাদকের আবাসিকতা বাতিল করে এবং একই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানায়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই তদন্ত কমিটি এখনো গঠন করা হয়নি।
তিনি আরও দাবি করেন, বিষয়টি নিয়ে একাধিকবার হল প্রাধ্যক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রাধ্যক্ষ তাদের জানিয়েছেন, এ সিদ্ধান্তের চূড়ান্ত সমাধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিতে পারবেন। বর্তমানে সংশ্লিষ্ট দুই নেতা প্রাধ্যক্ষের অনুমতি নিয়েই হলে অবস্থান করছেন বলেও দাবি করেন তিনি।
এদিকে শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবার রহমান বলেন, আবাসিকতা বাতিল হওয়ার পরও যদি কেউ নির্ধারিত কক্ষে অবস্থান করেন, তাহলে সেটি নিয়মবহির্ভূত। তবে কেউ অন্য শিক্ষার্থীর কক্ষে অবস্থান করলে সে ক্ষেত্রে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত। তিনি জানান, সংশ্লিষ্ট দুই শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে নতুন করে কোনো কক্ষ বরাদ্দ দেওয়া হয়নি এবং অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।
শীর্ষনিউজ