প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নে তুরস্কের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
আজ রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার ভাইস প্রেসিডেন্ট ড. আলি এরজানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে উভয় দেশের প্রতিনিধিরা প্রাথমিক শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ, কারিকুলাম আধুনিকায়ন এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে তুরস্কের অগ্রগতি প্রশংসনীয়। বাংলাদেশও ভবিষ্যতে সেই পর্যায়ে পৌঁছাতে চায়। এজন্য প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত, প্রযুক্তি ও সমস্যা সমাধানমূলক দক্ষতার ভিত্তি শক্তিশালী করা প্রয়োজন। আমাদের লক্ষ্য হলো এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে একজন ১০ বছর বয়সী শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে প্রবেশের সময় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে।
আলোচনায় উভয় পক্ষই প্রাথমিক শিক্ষা খাতে সম্ভাব্য আর্থিক ও কারিগরি সহায়তা, মডেল স্কুল উন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষাবান্ধব অবকাঠামো নির্মাণ এবং জাতীয় শিক্ষা দর্শন ও পেডাগজিক্যাল পদ্ধতি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎ শেষে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।