নির্বাচনে না লড়েও পার্লামেন্টের পথে কোয়েল মল্লিক

দ্য ডেইলি ক্যাম্পাস
Image description
 

সরাসরি নির্বাচনে না লড়েও সংসদের উচ্চকক্ষে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের সামনে। রাজনীতিতে বরাবরই দূরত্ব বজায় রাখা এই অভিনেত্রীকে রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য রাজ্যসভা নির্বাচনের পর তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন।

রাজ্যসভা হলো ভারতের সংসদের স্থায়ী কক্ষ। এখানে সাধারণ নির্বাচনের মতো সরাসরি জনগণ ভোট দেন না। বরং সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার নির্বাচিত বিধায়করাই ভোট দিয়ে রাজ্যসভার সদস্য নির্বাচন করেন। ফলে যে দলে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকে, তাদের প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে।

এবার দেশের ১০টি রাজ্যের ৩৭টি রাজ্যসভা আসনে ভোট হওয়ার কথা রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের পাঁচটি আসন শূন্য হচ্ছে। বিধায়ক সংখ্যার নিরিখে চারটি আসনে তৃণমূল কংগ্রেস এবং একটি আসনে বিজেপির জয় প্রায় নিশ্চিত বলেই রাজনৈতিক মহলের ধারণা। পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা বর্তমানে ২২৩। রাজ্যসভায় একজন প্রার্থীকে জয়ী করতে প্রয়োজন ৫০ জন বিধায়কের প্রথম পছন্দের ভোট। সে হিসেবে অনায়াসেই চারজন প্রার্থীকে জেতানো সম্ভব শাসক দলের পক্ষে।

রাজ্যসভা নির্বাচনে দলীয় হুইপ কার্যকর থাকে এবং বিধায়কদের কাকে ভোট দিচ্ছেন তা দেখাতে হয়। ফলে ক্রস ভোটিংয়ের সম্ভাবনা খুব কম। এই বাস্তবতায় তৃণমূলের মনোনীত প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের জয় কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

রাজ্যসভা নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী, ৫ মার্চ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। পরদিন মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং ৯ মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। যদি খালি আসনের সংখ্যার সমান প্রার্থীই মনোনয়ন জমা দেন এবং কেউ প্রতিদ্বন্দ্বিতা না করেন, তবে ভোট ছাড়াই প্রার্থীরা নির্বাচিত ঘোষিত হবেন। সেক্ষেত্রে কোয়েল মনোনয়ন জমা দিলেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে শেষ রাজ্যসভা নির্বাচন হয়েছিল ২০১৮ সালে। এরপর বিভিন্ন সময়ে মনোনয়ন সংক্রান্ত জটিলতা বা প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ভোটের প্রয়োজন পড়েনি। ২০২০ সালে এক নির্দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় তৃণমূলের চার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বর্তমানে রাজ্যসভায় তৃণমূলের তিন সদস্য রয়েছেন- দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সমাজকর্মী সাকেত গোখলে এবং আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আগামী ২ এপ্রিল তাদের কার্যকাল শেষ হচ্ছে। অন্যদিকে মৌসম নূর দল পরিবর্তন করায় তার আসন শূন্য রয়েছে।


author

Ari budin

#

Programmer, Father, Husband, I design and develop Bootstrap template, founder