স্ট্রোকের পর দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকলী। তার চিকিৎসা ব্যয় মেটাতে শখের প্রাইভেটকারটি বিক্রি করে দিয়েছেন স্বামী অভিনেতা প্রাণ রায়।
বর্তমানে কাকলীর চিকিৎসায় প্রতিদিন প্রায় আট হাজার টাকার বেশি খরচ হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
গত বছরের অক্টোবর মাসে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় কাকলীকে।
প্রাণ রায় জানান, স্ট্রোকের কারণে কাকলীর মুখের একাংশ বাঁকা হয়ে গেছে এবং এখনও স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না।
চিকিৎসা ব্যয় সামাল দিতে পরিবার ও বন্ধুদের সহযোগিতা পাচ্ছেন বলেও জানান এই অভিনেতা।
অভিনয় শিল্পী সংঘ কাকলীর পাশে দাঁড়ালেও পরিচালক সমিতির পক্ষ থেকে তেমন সাড়া পাননি বলে অভিযোগ প্রাণ রায়ের।
২০১২ সালে ‘উত্তরের সুর’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন শাহনেওয়াজ কাকলী। সিনেমাটি দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে প্রশংসিত হয় এবং একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।