Image description

রোগ-শোকে ভুগে নয়, আকস্মিকভাবে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মুহূর্তের মধ্যে তার মৃত্যুর খবর সারা দেশে ছড়িয়ে পড়ে। প্রিয় তারকাকে হারানোর শোক ব্যথিত করেছে তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের।

শোবিজ অঙ্গনের অনেক তারকা শিল্পী ও নির্মাতারা শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন সামাজিকমাধ্যমে। আবার অনেকেই বিশ্বাসই করতে পারছেন না এই অভিনেতা আর নেই! কানাডা প্রবাসী অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি বিস্ময় প্রকাশ করে লেখেন, ‘এটা কী শুনলাম!’

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘সোহেল ভাই…! পরলোকে শান্তিতে থাকুন। আপনাকে নিয়ে অনেক স্মৃতি চোখের সামনে ভিড় জমাচ্ছে।’

অভিনেতা-নির্মাতা কচি খন্দকার লিখেছেন, ‘প্রিয় সোহেল খানের মৃত্যু মেনে নেওয়া কঠিন। সেই ধারাবাহিক “এফডিসি” থেকে সর্বশেষ “আই লাভ মেট্রোরেল”, আমার অসংখ্য নির্মাণে ও অভিনয়ে যুক্ত ছিল সোহেল খান। তার সাথে সম্পর্কটি বন্ধুর, এই তো মাত্র ৫/৬ আগে ফোন দিয়েছিল আবার কবে একসাথে কাজ করব। সেই কাজ আর কোনো দিন হবে না, এটাই রিয়েলিটি। সোহেল খান তোমার স্মৃতিগুলো চিরদিন অম্লান হয়ে থাকবে। তার আত্মার শান্তি কামনা করি।’

সোহেল খানের একটি ছবি পোস্ট করে স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। অভিনেত্রী লিখেছেন, ‘এই মানুষটার সাথে দেখা হলে অনেক কথা বলত। সতীর্থকে দেখলেই বলত, ভাই আপনি তো আগে অনেক পান খাইতেন! যদিও সতীর্থ কোনো কালেই পান খেত না। কিন্তু তার মাথায় কেন যেন এটা আটকে ছিল। আজ সকাল থেকে ফেসবুকে এই মানুষটির ছবিই দেখছি। অথচ আজ আর কোনো কথা হচ্ছে না! ব্যাপারটা অসাধারণ একজন অভিনেতার অভিনয় শিল্পেই মৃত্যু! আমরা শিল্পীরা এমনটাই চাই, যেন কাজটা করতে করতেই বিদায় নেই পৃথিবী থেকে। বিদায় সোহেল খান! আপনার আত্মার শান্তি কামনা করছি।’

সংগীতশিল্পী রবি চৌধুরী লিখেছেন, ‘শুটিং স্পটে মারা গেলেন অভিনেতা সোহেল খান, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব ভালো মানুষ ছিলেন, দেখা হলেই বলত, “দাদা আমার এলাকায় গাইতে হবে কিন্তু আপনাকে।” আর যাওয়া হলো না। সোহেল ভাই, ভালো থাকবেন পরপারে।’

সোহেল খানের বিদেহী আত্মার শান্তি কামনা করে অভিনেত্রী মৌসুমী নাগ লিখেছেন, ‘শান্তিতে ঘুমান।’

তাছাড়াও চিত্রনায়ক শিপন মিত্র, জায়েদ খান, অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, ইমু সিকদার, অভিনেতা মুকিত জাকারিয়াসহ অনেকে শোক প্রকাশ করেছেন।

মো. ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। আজ মঙ্গলবার সকালে হোটেল থেকে শুটিং সেটে যাওয়ার জন্য বের হলে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাইয়ের রাজাপুরের সন্তান সোহেল খান। জানা গেছে, তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। সেখানে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে তাকে দাফন করা হবে। সেখানে ইতিমধ্যেই তার দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ‘নসিব’র নির্মাতা মো. ইকবাল।

বলা দরকার, প্রায় দুই যুগ আগে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন সোহেল খান। তারপর টিভি নাটকে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। তবে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় কাজ করে বিশেষভাবে দর্শকদের নজর কাড়েন। এ পরিচালকের ব্যাঙ্গাত্মক-রাজনৈতিক ঘরানার ‘৪২০’ ধারাবাহিকে ‘বিশু’ চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন। পরবর্তীতে ‘হাউসফুল’, ‘ডিটেকটিভ’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘সৈয়দ বাড়ির বউ’, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’, বিয়ের দাওয়াত রইলো’, ‘টু বি কন্টিনিউড’ ইত্যাদি নাটকে অভিনয় করেন তিনি। 

২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে সোহেল খানের। এরপর অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘স্পার্টাকাস ৭১’, ‘কমন জেন্ডার’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘অনেক সাধের ময়না’, ‘পরবাসিনী’, ‘প্রিয় কমলা’, ‘শান’, ‘বীর’ ইত্যাদি।