Image description

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি আদালত থেকে জামিন পাওয়ার পর তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংবাদকর্মী ও সাধারণ মানুষের ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটেছে। এতে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিক ও এক বিচারপ্রার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়।

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় বুধবার (০৪ নভেম্বর) পরীমনির জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। পরদিন বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে আদালতে এসে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন এই চিত্রনায়িকা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, এদিন সকালে প্রায় ১০ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়ে আদালত প্রাঙ্গণে আসেন পরীমনি। তবে আদালত থেকে বের হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

 

অভিযোগ রয়েছে, পরীমনির নিরাপত্তাকর্মীরা পেশাগত দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে চরম দুর্ব্যবহার ও ধাক্কাধাক্কি শুরু করেন। 

নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কি ও মারধরের শিকার হয়ে ‘জাগো নিউজ’-এর নিজস্ব প্রতিবেদক আশিকুজ্জামান এবং মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার আহত হন বলে জানা গেছে। আশিকুজ্জামানের পিঠে এবং কাউছারের কাঁধ ও হাতে আঘাত লাগে। এ সময় আশিকুজ্জামানের মোবাইল ফোনও কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত আশিকুজ্জামানকে তাৎক্ষণিকভাবে আদালতের পাশের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ ছাড়া ‘সমকাল’-এর প্রতিবেদক রবিউল হোসেন অভিযোগ করেন, পরীমনি নিজেই তার মোবাইল ফোন কেড়ে নিয়েছেন। 

অন্যদিকে ‘আগামীর সময়’-এর প্রতিবেদক সিয়াম হোসেন অভিযোগ করেন, চিত্রনায়িকা তার হাতে খামচি দিয়েছেন।

শুধু সাংবাদিকরাই নন, নিরাপত্তাকর্মীদের লাঠিপেটা ও ধাক্কাধাক্কিতে সাধারণ বিচারপ্রার্থীও আহত হন। আদালত চত্বরে এক বিচারপ্রার্থীকে মাথায় রক্তাক্ত অবস্থায় ব্যান্ডেজ বাঁধতে দেখা যায়। তবে তার ভাই তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু না জানিয়ে জানান, আগে চিকিৎসা করিয়ে পরে বিষয়টি জানাবেন।

এদিকে এই ঘটনার সময় উপস্থিত পুলিশ সদস্যরা নীরব ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া গণমাধ্যমকর্মীরা।