Image description

শিল্পীদের নিয়ে রাষ্ট্রের কোনও সুস্পষ্ট পরিকল্পনা নেই। অথচ রাষ্ট্রের প্রয়োজনে শিল্পীদের পেটেভাতে ডাকার চেষ্টা করা হয়। দেশের সংগীতাঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

তার মতে, কনসার্টের সুযোগের অভাব, আর্থিক অনিশ্চয়তা ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে সংগীতশিল্পীরা।

ব্যান্ডসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার মগবাজারের সেলিব্রেশন কমিউনিটি পয়েন্টে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাব ঢাকা, আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন ও তার বন্ধুমহল অনুষ্ঠানটির আয়োজন করে।

 

‘ও প্রিয়া তুমি কোথায়’খ্যাত শিল্পী এ সময় প্রয়াত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুকে স্মরণ করে জানান, বাচ্চু ভাইয়ের মতো সবাইকে এক করে আগলে রাখার মানুষও এখন ইন্ডাস্ট্রিতে নেই।

তিনি আরও বলেন, ‘একজন মহিরুহ ছিলেন আইয়ুব বাচ্চু এবং তাকে আমরা সর্বান্তঃকরণে মিস করি। ইন্ডাস্ট্রির এই সংকট সময়ে বাচ্চু ভাইয়ের অনুপস্থিতিতে সবাইকে আগলে রাখা, এক করে রাখা এবং সবাইকে নিয়ে কাজ করা, সবার জন্য ভাবনা নেওয়ার মতো মানুষ নেই ইন্ডাস্ট্রিতে। এখন তো ইন্ডাস্ট্রি বলতে শব্দটা আছে, কিন্তু ইন্ডাস্ট্রি আছে কোমায়।’

 

 

দেশের সংগীতাঙ্গনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আসিফে বলেন, অনেক শিল্পী ও সংগীতজ্ঞ ইতিমধ্যে বিদেশে চলে গেছেন। যারা এখনও দেশে আছেন, তাদের অনেকেও হয়তো দ্রুত দেশ ছাড়ার সিদ্ধান্ত নেবেন, নয়তো জীবনধারণের বিকল্প পথ খুঁজবেন।

তিনি বলেন, ‘শিল্পীদের এমন অনিশ্চিত পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। সংগীতশিল্পীদের পেশাগত নিরাপত্তা, কাজের সুযোগ ও রাষ্ট্রীয় সহযোগিতা নিশ্চিত করতে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া জরুরি।’