Image description

অভিনেতা ইরফান সাজ্জাদ নতুন নাটক, ওয়েব সিরিজ ও সিনেমার প্রস্তুতিসহ বিশ্বকাপ উন্মাদনা নিয়ে কথা বলেছেন। তার সঙ্গে আলাপ করেছেন মীর রাকিব হাসান।

কাজের ব্যস্ততা কেমন?

যেভাবে কাজ করি, সেভাবেই চলছে। নিয়মিত কাজ করছি। বিজ্ঞাপন, নাটক সব মিলিয়ে ব্যস্ত সময় কাটছে। সামনে সম্ভবত একটি ওয়েব সিরিজে অভিনয় করব। আপাতত বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে। মৌখিকভাবে কথা হয়েছে এবং সংশ্লিষ্টরা আমার কাছ থেকে সময় বরাদ্দ নিয়ে রেখেছেন। কিন্তু শুটিং শুরু না হওয়া পর্যন্ত কোনো কিছু নিশ্চিতভাবে বলতে চাই না।

 আজ কি শুটিংয়ে?

আজ থেকে টানা এক মাস বিভিন্ন শুটিং আছে আমার। প্রথমে নাম চূড়ান্ত না হওয়া একটি একক নাটকের কাজ করছি। এতে আমার সহশিল্পী সুনেরাহ বিনতে কামাল। এটি পরিচালনা করছেন তৌফিকুল ইসলাম। দর্শকের ভালো লাগার মতো সুন্দর একটি প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে এ নাটক।

 এর আগে কোন কাজ করলেন?

সুনেরাহ বিনতে কামাল আর আমি একটি নাটকে কাজ করেছি। এর নাম ‘আমাদের বিশ্বকাপ’। এটি মুক্তি পাওয়ার পর ভালো সাড়া পেয়েছি। সুনেরাহ আর্জেন্টিনার সমর্থক, কিন্তু নাটকটিতে তার কারণে আমাকে ব্রাজিল সমর্থকের চরিত্রে অভিনয় করতে হয়েছে। আমার জন্য এটা একটু কঠিনই ছিল। কিন্তু বন্ধুর জন্য এতটুকু ত্যাগ স্বীকার তো করতেই হয়। সে ব্রাজিল সমর্থকের চরিত্রে কাজ করবে না, তাই আমাকে রাজি হতে হয়েছে।

বিশ্বকাপ নিয়ে সমর্থকদের মধ্যে খোঁচাখুঁচি  তর্কবিতর্ককে কীভাবে দেখেন?

এটা হবেই, বিশেষ করে বন্ধুদের মধ্যে এই মজার খোঁচাখুঁচি থাকবে। ধরুন, ব্রাজিল সমর্থকরা এখন আর্জেন্টিনাকে নিয়ে অনেক কথাই বলছে। কারণ কয়েক বছর ধরে ব্রাজিল বিশ্বকাপে খুব একটা সফল হতে পারেনি। অন্যদিকে আর্জেন্টিনা সেমিফাইনাল খেলেছে, ফাইনাল খেলেছে, শিরোপাও জিতেছে। স্বাভাবিকভাবেই প্রতিদ্বন্দ্বী সমর্থকদের এসব অর্জন ভালো লাগবে না। তবে কোনো কিছু যেন ব্যক্তিগত আক্রমণে না যায়।

এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে আপনাকে  সুনেরাহকে দেখা গেছে। এর প্রতিটি পর্বের ভিউ কোটির বেশি।  সাফল্যকে কীভাবে দেখেন?

অনেক নাটক আছে, যেগুলোর ভিউ কোটি; কিন্তু দর্শককে নাটকের নাম জিজ্ঞাসা করেন, অনেকে বলতে পারবেন না। আবার কিছু নাটক আছে, যেগুলো মানুষের মনে রয়ে যায়। ‘এটা আমাদেরই গল্প’ ঠিক তেমন একটি কাজ। এটি শেষ হলেও মানুষ এখনো এর নিয়ে কথা বলে। এর মানে গল্পটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। একজন শিল্পীর জন্য এটাই সবচেয়ে বড় সাফল্য।

এখনকার দর্শককে নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?

এখনকার দর্শক অনেক স্মার্ট। তাদের সহজে বোকা বানানো যায় না। সস্তা গল্প বানালে দর্শক বুঝে ফেলে। তাদের কাছে এখন অনেক অপশন। মানুষের মনে জায়গা করে নিতে হলে ভালো গল্প, শক্তিশালী চিত্রনাট্য এবং আন্তরিক নির্মাণের কোনো বিকল্প নেই। শুধু একটা গল্প লিখে নাটক বানিয়ে ফেললেই হয় না। মানুষ কীভাবে গল্পের সঙ্গে আবেগের জায়গা থেকে যুক্ত হবে, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। চিত্রনাট্য খুব শক্তিশালী হওয়া চাই।

 সিনেমা নিয়ে পরিকল্পনা কী?

সিনেমা করার ইচ্ছা শুরু থেকেই ছিল, এখনো আছে। সে জন্য বেছে বেছে কাজ করি। খুব বেশি গড়পড়তা কাজে যুক্ত হতে চাই না। কয়েক দিন আগে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ আগামী বছর একটি ভালো সিনেমায় কাজ করতে পারি।