Image description

ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনের পর মাঠের খেলার পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আন্তর্জাতিক পপ তারকা শাকিরা। উদ্বোধনী অনুষ্ঠানে তার উপস্থিতি ও পারফরম্যান্স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেক ভক্তের দাবি, মঞ্চে যাকে দেখা গেছে তিনি আসল শাকিরা নন, বরং তার মতো দেখতে অন্য কেউ।

বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করেন কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা। নাইজেরিয়ার জনপ্রিয় শিল্পী বার্না বয়ের সঙ্গে গাওয়া এই গানটি ইতোমধ্যে বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। তবে গান বা পরিবেশনার চেয়ে বেশি নজর কাড়ে শাকিরার বদলে যাওয়া চেহারা ও স্টাইল।

অনুষ্ঠানে তাকে দেখা যায় একেবারে ভিন্ন লুকে। হলুদ রঙের পোশাক, সাদা শর্টস ও প্ল্যাটফর্ম স্নিকার্সের পাশাপাশি সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে তার নতুন চুলের রং। দীর্ঘদিনের পরিচিত ব্লন্ড লুক ছেড়ে তিনি হাজির হন হালকা লালচে আভাযুক্ত চুলে। সঙ্গে ছিল বড় আকারের কালো সানগ্লাস, যা তার মুখের অনেকটা অংশ ঢেকে রেখেছিল।

এতেই শুরু হয় নানা জল্পনা। অনেক ভক্ত মন্তব্য করেন, মঞ্চে থাকা ব্যক্তির মুখাবয়ব, চোখের অভিব্যক্তি এবং শরীরী ভাষা শাকিরার পরিচিত ব্যক্তিত্বের সঙ্গে পুরোপুরি মেলে না। কেউ কেউ প্রশ্ন তোলেন, এটি কি সত্যিই শাকিরা, নাকি তার কোনো ‘বডি ডাবল’?

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অসংখ্য মন্তব্য ছড়িয়ে পড়েছে। একজন ভক্ত লেখেন, “আমি নিশ্চিত নই, মঞ্চে যাকে দেখেছি তিনি সত্যিই শাকিরা কি না।”

অন্য একজন রসিকতা করে বলেন, “বিশ্বকাপে শাকিরার বদলে যেন তার মতো দেখতে কাউকে নিয়ে আসা হয়েছে।”

যদিও এসব দাবির পক্ষে কোনো প্রমাণ সামনে আসেনি এবং আয়োজক বা শিল্পীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে বিতর্কের বাইরে গানটির বিষয়বস্তু নিয়েও আলোচনা চলছে। সাবেক স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর এটি শাকিরার অন্যতম বড় আন্তর্জাতিক পরিবেশনা। ‘দাই দাই’ গানের কথায় প্রতিকূলতা কাটিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার বার্তা রয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিরা বলেন, “জীবনের কঠিন অভিজ্ঞতাগুলোই মানুষকে আরও শক্তিশালী করে তোলে।”

তার ভাষায়, প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই শিক্ষা লুকিয়ে থাকে এবং সেই শিক্ষাই মানুষকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে।

শীর্ষনিউজ