Image description

বিয়ে, সম্পর্ক ও মাতৃত্ব নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনায় উঠে এলেন বলিউড অভিনেত্রী শেফালি শাহ। সম্প্রতি এক পডকাস্টে কথা বলতে গিয়ে তিনি বলেন, সন্তান জন্ম দেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো। অভিনেত্রীর এমন মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

কনটেন্ট ক্রিয়েটর লিলি সিংয়ের পডকাস্টে অতিথি হয়ে হাজির হয়েছিলেন শেফালি। সেখানে বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিষয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি।

অভিনেত্রীর মতে, বিয়ে নিয়ে তাড়াহুড়ো করা উচিত নয়। তিনি বলেন, ‘ছোট বয়সে জীবনের বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আগে মানুষকে বুঝতে হবে, নিজেকেও চিনতে হবে। তারপর বিয়ে নিয়ে ভাবা উচিত।’

শেফালি আরও বলেন, ‘যদি বিয়ে নামের প্রতিষ্ঠানের ওপর বিশ্বাস না থাকে, তাহলে বিয়ে না করাই ভালো। কারণ, এমন সম্পর্কে জড়িয়ে পরে ফিরে আসা সহজ নয়।’

 

 

আলাপচারিতার একপর্যায়ে সঞ্চালিকা জানান, এখনো তিনি অবিবাহিত। তখনই শেফালি বলেন, ‘আমি জানি এই কথায় অনেকে সমালোচনা করবেন। তবু বলছি, সন্তান জন্ম দেওয়ার প্রয়োজন নেই, কুকুর পোষো।’

অভিনেত্রীর ভাষায়, ‘একজন মানুষের জীবনে কুকুরই সবচেয়ে নিঃশর্ত ভালোবাসার উৎস হতে পারে।’ ব্যক্তিগত জীবনেও নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন শেফালি শাহ। প্রথমে অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে সংসার শুরু করলেও পরে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০০০ সালে পরিচালক বিপুল অম্রুতলাল শাহকে বিয়ে করেন তিনি। বর্তমানে দুই সন্তানের মা শেফালি।

 

পশুপ্রেমী হিসেবেও পরিচিত এই অভিনেত্রী। তার পোষ্য দুই সাইবেরিয়ান হাস্কি- অ্যাশ ও সিম্বাকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।

অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন শেফালি শাহ। সম্প্রতি তাকে দেখা গেছে ‘দিল্লি ক্রাইম’র তৃতীয় সিজনে। সেখানে ডিআইজি বর্তিকা চতুর্বেদীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।