দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল নগর বাউল। মাহফুজ আনাম জেমসের এই দলের লাইনআপে এলো পরিবর্তন।
দেড় দশকের বেশি সময় নগর বাউলে বাজিয়েছেন এই গিটারিস্ট।
অনেক দিন ধরেই নগর বাউলের সঙ্গে দেখা মিলছিল না রানার। সর্বশেষ পয়লা বৈশাখ উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত কনসার্টেও নগর বাউলের সঙ্গে ছিলেন না তিনি।
জানা গেছে, সুলতান রায়হান খান রানার জায়গায় ব্যান্ডে গিটারিস্ট হিসেবে যুক্ত হয়েছেন ইসমামুল ফরহাদ এলিন।
এ বিষয়ে জেমসের মুখপাত্র রবিন ঠাকুর জানান, ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় দলকে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না রানা। তাই সবার সঙ্গে কথা বলে ব্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার জায়গায় নগর বাউলে যুক্ত হয়েছেন এলিন।
গত মার্চে আনুষ্ঠানিকভাবে নগর বাউলে যোগ দিয়েছেন ইসমামুল ফরহাদ এলিন। এর আগে ২০২০ সালে অতিথি আর্টিস্ট হিসেবে নগর বাউলে বাজানোর অভিজ্ঞতা আছে তার।
এর আগে শূন্য ব্যান্ডের গিটারিস্ট হিসেবে পরিচিতি পেয়েছিলেন এলিন। সর্বশেষ চিরকুট ব্যান্ডে অতিথি সদস্য হিসেবে যুক্ত ছিলেন।
এক নজরে নগর বাউল ব্যান্ডের বর্তমান লাইনআপ: মাহফুজ আনাম জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহী ফান্টি (ড্রামস), তালুকদার সাব্বির শাওন (গিটার) এবং ইসমামুল ফরহাদ এলিন (গিটার)।