Image description

জুলাই-আগস্ট আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে ওঠেনি এ নায়কের।

 

দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ খান সেখানেই বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। পাশাপাশি এরই মধ্যে উপস্থাপক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামে নিয়মিত অনুষ্ঠান করছেন চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাবেক এ সাধারণ সম্পাদক।

 

এবার জায়েদ খানের অনুষ্ঠানে অতিথি হয়েছেন নব্বই দশকের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শুভ্রদেব। আর প্রিয় সংগীতশিল্পীকে নিজের অনুষ্ঠানে পেয়ে উচ্ছ্বসিত অভিনেতা। তিনি বলেন, নব্বই দশকে তার গান শুনে তার মতো করে গাওয়ার চেষ্টা করেননি, এমন মানুষ হয়তো খুব কম ছিল। ওই সময় তার গানগুলো ব্যাপক জনপ্রিয় ছিল।

 

এ অভিনেতা বলেন, শুভ্রদেবের করা বলিউড তারকা আমির খানের সঙ্গে পেপসির বিজ্ঞাপন ভীষণ রকম জনপ্রিয়তা অর্জন করেছিল। এমনকি মাইকেল জ্যাকসনের সঙ্গে সরাসরি দেখা করা একমাত্র বাংলাদেশি সংগীতশিল্পী তিনি। দীর্ঘদিনের ক্যারিয়ার। সম্প্রতি তাকে আমার অনুষ্ঠানে অতিথি হিসেবে পেয়ে অনেক উচ্ছ্বসিত আমি।

 

 

জানা গেছে, জায়েদ খানের অনুষ্ঠানে নিজের সংগীত ক্যারিয়ার নিয়ে নানা আলোচনার পাশাপাশি অনেক না বলা কথাও শুনিয়েছেন শুভ্রদেব। একইসঙ্গে জনপ্রিয় গানগুলো তো ছিলই।

 

এদিকে ঢালিউড তারকার উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হওয়ার ব্যাপারে শুভ্রদেব বলেন, এখন তো এক তারকার সঙ্গে অন্য তারকার রেসপেক্ট জোন বা শ্রদ্ধাবোধ ও ভালোবাসার জায়গা কমে গেছে। কিন্তু এটি সবার ক্ষেত্রে নয়। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকেই জায়েদ খানকে চিনি আমি। তার মধ্যে একটি সরলতা রয়েছে, যার জন্য সে কিছু করলে সহজেই দর্শকরা গ্রহণ করে নেয়। আর আমি সাধারণত ইন্টারভিউভিত্তিক অনুষ্ঠান করতে চাই না। তবে অভিনেতার অনুষ্ঠানটি অনেক উপভোগ করেছেন বলে জানিয়েছেন এ গায়ক।