Image description

২০২৭ শিক্ষাবর্ষে প্রায় ৩১ কোটি পাঠ্যবই ছাপা হবে। এতে ব্যয় হবে প্রায় দুই হাজার কোটি টাকা। এবার বই ছাপানোর কাজ পেয়েছে ১১২টি ছাপাখানা। কাজের অর্ধেকের বেশি গেছে মাত্র ২৫টি প্রতিষ্ঠানের হাতে। এসব প্রতিষ্ঠানের মালিকও হাতে গোনা ১২ থেকে ১৪ জন। প্রভাব খাটিয়ে তারা নিম্নমানের কাগজে বই ছাপিয়ে সরবরাহ করছেন বলে অভিযোগ।

বিপুল অঙ্কের টাকার কাজ পাওয়া ছাপাখানা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ থাকলেও কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়ার নজির নেই। বিপরীতে ছোট ও মাঝারি ছাপাখানাগুলোকে একের পর এক শোকজ নোটিশ দেওয়া হচ্ছে।

 

খুব ছোট ও স্বল্প সংখ্যক বই ছাপার কাজ পাওয়া ১৫টি প্রতিষ্ঠানকে অন্তত ৩০ থেকে ৩২ বার কারণ দর্শাতে বলেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এটিকে এনসিটিবি স্ট্যান্টবাজি বা লোকদেখানো কাজ বলছেন মুদ্রণশিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা।

তাদের দাবি, প্রভাবশালী ব্যবসায়ীদের একটি গোষ্ঠী পাঠ্যবই ছাপার বড় অংশ নিয়ন্ত্রণ করছে। দরপত্রের মূল্য নির্ধারণ থেকে শুরু করে কাজ বণ্টন ও মান যাচাইয়েও তাদের প্রভাব রয়েছে। ফলে ছোট প্রতিষ্ঠানগুলোর ত্রুটিকে কঠোরভাবে দেখা হলেও বড় ছাপাখানাগুলো অনেক ক্ষেত্রে জবাবদিহির বাইরে থেকে যাচ্ছে।

পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকুও বিষয়টি স্বীকার করেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘বড় প্রতিষ্ঠানগুলো যে ভুল করে না, তা নয়। তবে এবার অন্তত এক কোটি বই ছাপার কাজ পেয়েছে, এমন কোনো প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি।’

বই ছাপার অর্ধেকের বেশি কাজ ২৫ প্রতিষ্ঠানের কব্জায়

পাঠ্যপুস্তক বোর্ডের তথ্যানুযায়ী, আগামী শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যের পাঠ্যবই ছাপার কাজ পেয়েছে ১১২টি ছাপাখানা। মোট কাজের আর্থিক মূল্য প্রায় দুই হাজার কোটি টাকা।

এর মধ্যে ৫০ শতাংশের বেশি কাজ পেয়েছে ২৫টি প্রতিষ্ঠান। সংশ্লিষ্টদের ভাষ্য, এসব প্রতিষ্ঠানের প্রকৃত মালিক ১২ থেকে ১৪ জন। অর্থাৎ, ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের নামে কাজ নেওয়া হলেও বড় অংশের নিয়ন্ত্রণ সীমিত কয়েকজন ব্যবসায়ীর হাতে।

 

বই ছাপানোর কাজ পাওয়ায় শীর্ষে যারা
 
বই ছাপানোর কাজ পাওয়ায় শীর্ষে যারা

 

মাধ্যমিকের পাঠ্যবই ছাপার কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে এগিয়ে রয়েছে কর্ণফুলী আর্ট প্রেস। প্রতিষ্ঠানটি ১ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৫২৪টি বই ছাপার কাজ পেয়েছে। অগ্রণী প্রিন্টিং প্রেস পেয়েছে ১ কোটি ৪ লাখ ৩৯ হাজার ৭০৪টি বইয়ের কাজ। মাস্টার সিমেক্স পেয়েছে প্রায় ৯০ লাখ বই ছাপার দায়িত্ব।

বেশি কাজ পাওয়া অন্য ছাপাখানাগুলো হলো- অটো প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, লেটার অ্যান্ড কালার লিমিটেড, নয়নমণি প্রিন্টার্স, মৌসুমী অফসেট প্রেস, বারতোপা প্রিন্টার্স লিমিটেড, নুর বাণী প্রিন্টিং প্রেস, কচুয়া প্রেস অ্যান্ড পাবলিকেশন, ব্রাইট প্রিন্টিং প্রেস লিমিটেড ইত্যাদি।

 

অভিযোগ রয়েছে, বড় অঙ্কের কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর একটি অংশ একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে দরপত্রে অংশ নিচ্ছে। এতে নির্দিষ্ট কয়েকজন ব্যবসায়ীর হাতে কাজ কেন্দ্রীভূত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে, যার প্রভাব পড়ছে বই ছাপা ও কাগজের মানে।

এক মালিকের তিন প্রেস, কাজ কোটি বইয়ের বেশি

একাধিক প্রতিষ্ঠানের নামে কাজ নেওয়ার উদাহরণ হিসেবে আলোচনায় এসেছে মুদ্রণ ব্যবসায়ী দুলাল সরকারের নাম। মুদ্রণ-সংশ্লিষ্ট ও এনসিটিবি সূত্র জানায়, তার নিয়ন্ত্রণে অন্তত তিনটি ছাপাখানা রয়েছে। এর মধ্যে কেরানীগঞ্জের সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং মাধ্যমিকের ৭৫ লাখের বেশি বই ছাপার কাজ পেয়েছে। বলাকা প্রেস অ্যান্ড পাবলিকেশন পেয়েছে ২১ লাখের বেশি এবং অনন্যা প্রিন্টার্স পেয়েছে ৩৪ লাখের বেশি বইয়ের কাজ।

তিনটি প্রতিষ্ঠানের কাজ যোগ করলে পরিমাণ দাঁড়ায় অন্তত ১ কোটি ৩০ লাখ বই। অর্থাৎ, সম্মিলিতভাবে অনেক বড় একক প্রতিষ্ঠানের চেয়েও বেশি কাজ পেয়েছে এসব ছাপাখানা। তবে শুধু দুলাল সরকার নন, আরও অন্তত ৯ জন ব্যবসায়ীর একাধিক নামে ছাপাখানা পরিচালনার তথ্য পাওয়া গেছে।

মুদ্রণ ব্যবসায়ীদের অভিযোগ, কর-সংক্রান্ত সুবিধা এবং দরপত্রের নির্ধারিত সীমার সুযোগ নিতে ভিন্ন নামে প্রতিষ্ঠান পরিচালনার প্রবণতা বাড়ছে। আগামী বছরের জন্যও কয়েকটি প্রতিষ্ঠান নতুন নামে ঠিকাদারি ব্যবসা শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

মুদ্রণ ব্যবসায়ী দুলাল সরকার জাগো নিউজকে বলেন, ‘তিনটি প্রেস সম্পূর্ণ আলাদা। প্রেসগুলোর আলাদা স্বত্ব রয়েছে। যে কোনোভাবে আমি হয়তো সেগুলোর সঙ্গে যুক্ত। আলাদা প্রতিষ্ঠান আলাদাভাবে টেন্ডার ড্রপ করে কাজ পেয়েছি। কোনো অনিয়ম করিনি।’

বড় ছাপাখানাকে ছাড়, ছোটদের দফায় দফায় শোকজ

পাঠ্যবই ছাপার কাজে তদারকির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে কারণ দর্শানোর নোটিশ নিয়ে। পাঠ্যপুস্তক বোর্ডের তথ্যমতে, এবার অ্যারিস্টোক্র্যাটস সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডকে তিনবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সংখ্যক নোটিশ পেয়েছে বর্ণমালা প্রিন্টিং প্রেস ও আমিন আর্ট প্রেস।

 

শৈলী প্রিন্টার্স, বর্ণশোভা মুদ্রায়ন, দশদিশা প্রিন্টার্স, আনন্দ প্রিন্টার্স ও সরকার প্রিন্টার্সকে দুবার করে নোটিশ দেওয়া হয়েছে। আরও কয়েকটি ছোট প্রতিষ্ঠানের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে। অ্যারিস্টোক্র্যাটস সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবার মাধ্যমিকের প্রায় ১০ লাখ বই ছাপার কাজ পেয়েছে। আর বর্ণমালা প্রিন্টিং প্রেস পেয়েছে প্রায় ১৩ লাখ বইয়ের কাজ।

বিপরীতে কোটি বই ছাপার দায়িত্ব পাওয়া কোনো প্রতিষ্ঠানকে এবার নোটিশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন এনসিটিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা। এতে প্রশ্ন উঠেছে, বড় প্রতিষ্ঠানগুলোতে কি কোনো অনিয়ম হচ্ছে না? নাকি অনিয়ম পাওয়া গেলেও তা লিখিতভাবে নথিভুক্ত করা হচ্ছে না?

কালো তালিকা থেকে ফিরেও তিনবার শোকজ

এবার একাধিকবার কারণ দর্শানোর নোটিশ পাওয়া বর্ণমালা প্রিন্টিং প্রেস আগে এনসিটিবির কালো তালিকাভুক্ত হয়েছিল। পরে প্রতিষ্ঠানটিকে সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়। এনসিটিবির কয়েকজন কর্মকর্তা জানান, রাজনৈতিক তদবিরের কারণে প্রতিষ্ঠানটিকে কালো তালিকা থেকে সরাতে হয়।

আগেরবার তথ্যগত সমস্যায় ব্যাংকঋণ পেতে দেরি হয়েছিল। ফলে নির্ধারিত সময়ে বই ছাপানো সম্ভব হয়নি। পরে এনসিটিবির তৎকালীন চেয়ারম্যান ও সদস্যের অনুরোধে অন্য একটি ছাপাখানায় বই ছাপানো হয়। কাজ শেষ হলেও নিজস্ব প্রতিষ্ঠানের বাইরে বই ছাপানোর কারণে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একপর্যায়ে কালো তালিকাভুক্ত করা হয়।-বর্ণমালা প্রিন্টিং প্রেসের কর্ণধার মো. মোজাম্মেল খান

তবে প্রতিষ্ঠানের কর্ণধার মো. মোজাম্মেল খানের ভাষ্য ভিন্ন। তিনি জাগো নিউজকে বলেন, ‘আগেরবার তথ্যগত সমস্যায় ব্যাংকঋণ পেতে দেরি হয়েছিল। ফলে নির্ধারিত সময়ে বই ছাপানো সম্ভব হয়নি। পরে এনসিটিবির তৎকালীন চেয়ারম্যান ও সদস্যের অনুরোধে অন্য একটি ছাপাখানায় বই ছাপানো হয়। কাজ শেষ হলেও নিজস্ব প্রতিষ্ঠানের বাইরে বই ছাপানোর কারণে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একপর্যায়ে কালো তালিকাভুক্ত করা হয়।’

চলতি বছর তিনবার নোটিশ পাওয়ার বিষয়ে মোজাম্মেল খান বলেন, ‘ছাপার প্লেটে ত্রুটি দেখা দেওয়ায় কিছু বইয়ে কালির সমস্যা হয়েছিল। এ কারণেই কারণ দর্শাতে বলা হয়।’

 

তিনি অভিযোগ করেন, বড় প্রতিষ্ঠানগুলোর ছাপার কাজেও নানা সমস্যা হয়। কিন্তু তাদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এনসিটিবির একটি প্রভাবশালী চক্র ছোট ছাপাখানাগুলোকে চাপে রাখছে।

প্রভাবশালী ছাপাখানাগুলোতে তদারকি নেই!

আমিন আর্ট প্রেসের স্বত্বাধিকারী মো. সোহেল। তিনি এনসিটিবির তদারকিতে বৈষম্যের অভিযোগ করেন। তার ভাষ্য, বইয়ের গ্লু বাইন্ডিং ও কালিসংক্রান্ত ত্রুটির কারণে এনসিটিবি তাকে তিনবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবও দুবার তার প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চেয়েছেন।

সোহেল জাগো নিউজকে বলেন, ‘দুই থেকে ১০টি লটের কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোকে বারবার জবাবদিহির মুখে পড়তে হচ্ছে। অথচ ৪০ থেকে ৮০টি লটের কাজ পাওয়া বড় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ দেখা যাচ্ছে না।

এনসিটিবির সঙ্গে প্রভাবশালী ছাপাখানা মালিকদের ঘনিষ্ঠ সম্পর্ক। দরপত্র প্রক্রিয়া চলাকালে প্রাক্কলিত ব্যয় বাড়ানো হয়েছে, যা নজিরবিহীন। এনসিটিবি ও ব্যবসায়ীদের একটি গোষ্ঠী মিলে এমন প্রভাববলয় তৈরি করেছে, যা ভাঙা কঠিন।-মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান

মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি তোফায়েল খানও দরপত্র ও কাজ বণ্টন নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘এনসিটিবির সঙ্গে প্রভাবশালী ছাপাখানা মালিকদের ঘনিষ্ঠ সম্পর্ক। দরপত্র প্রক্রিয়া চলাকালে প্রাক্কলিত ব্যয় বাড়ানো হয়েছে, যা নজিরবিহীন। এনসিটিবি ও ব্যবসায়ীদের একটি গোষ্ঠী মিলে এমন প্রভাববলয় তৈরি করেছে, যা ভাঙা কঠিন।’

অনিয়ম ধরলে বদলির ভয়ে কর্মকর্তারা!

পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের অভিযোগ, পাঠ্যবই ছাপানো প্রভাবশালী ছাপাখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে তাদেরও চাপের মুখে পড়তে হচ্ছে। বদলি, এমনকি চাকরি হারানোর ভয় দেখানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে দুজন কর্মকর্তা জাগো নিউজকে জানান, বড় প্রতিষ্ঠানের অনিয়ম লিখিতভাবে নথিভুক্ত করলে বদলি এবং চাকরি হারানোর আশঙ্কা থাকে। অতীতে এমন ঘটনার নজিরও রয়েছে বলে দাবি তাদের। এ কারণে তদারকিতে গিয়ে অনিয়ম পাওয়া গেলেও অনেক সময় মৌখিকভাবে সতর্ক করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও লিখিত ব্যবস্থা নেওয়া হয় না।

 

পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারা জানান, গত বছর কয়েকটি বড় ছাপাখানার কাগজ ও ছাপার মান নিয়ে আপত্তি ওঠে। কিছু কাজ বাতিলও করা হয়। কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়নি। এবারও এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয়ের তদারকি দলগুলোর অভিযান ছোট ছাপাখানায় বেশি হচ্ছে বলেও অভিযোগ তাদের।

শোকজের বৈষম্য স্বীকার এনসিটিবির

বড় ও ছোট ছাপাখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু জাগো নিউজকে বলেন, ‘বড় প্রতিষ্ঠানগুলোতেও ভুল হয়। চলতি বছর বিভিন্ন প্রতিষ্ঠানকে অন্তত ৩২ বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

তবে অন্তত এক কোটি বই ছাপার কাজ পেয়েছে, এমন কোনো প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, এ ধরনের কোনো প্রতিষ্ঠানকে এবার কারণ দর্শানো হয়নি।’

যারা অনিয়ম করেছে, তাদের শোকজ করা হয়েছে। যারা করেনি বা যাদের তথ্য আমাদের হাতে আসেনি, তাদের তো শোকজ করা যায় না। শোকজের ক্ষেত্রেও যদি কাউকে অনৈতিক সুবিধা দেওয়া হয়ে থাকে, তা খতিয়ে দেখা হবে।-পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা

পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জাগো নিউজকে বলেন, ‘যারা অনিয়ম করেছে, তাদের শোকজ করা হয়েছে। যারা করেনি বা যাদের তথ্য আমাদের হাতে আসেনি, তাদের তো শোকজ করা যায় না। শোকজের ক্ষেত্রেও যদি কাউকে অনৈতিক সুবিধা দেওয়া হয়ে থাকে, তা খতিয়ে দেখা হবে।’

বই ছাপার কাজে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ

পাঠ্যবই ছাপা নিয়ে প্রতিবছরই অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। শিশুদের শিক্ষার প্রধান উপকরণ ও প্রত্যেক পরিবারের সঙ্গে এর সংযোগ থাকায় বিষয়টিকে স্পর্শকাতর হিসেবে উল্লেখ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বিগত সরকারের সময় থেকে ওখানে (এনসিটিবি) অনিয়ম-দুর্নীতির বিস্তর অভিযোগ গণমাধ্যমে আসছে। সেটি অন্তর্বর্তী সরকার কিংবা বর্তমান বিএনপি সরকারের আমলেও রয়ে গেছে। বই ছাপানোর কাজ ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগ এবারও।-টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

তিনি জাগো নিউজকে বলেন, ‘বিগত সরকারের সময় থেকে ওখানে (এনসিটিবি) অনিয়ম-দুর্নীতির বিস্তর অভিযোগ গণমাধ্যমে আসছে। সেটি অন্তর্বর্তী সরকার কিংবা বর্তমান বিএনপি সরকারের আমলেও রয়ে গেছে। বই ছাপানোর কাজ ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগ এবারও। এ কাজ কারা পাচ্ছেন, কীভাবে পাচ্ছেন, কাজের তদারকি- সবকিছু নিয়ে সীমাহীন প্রশ্ন রয়েছে।’

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা জেনেছি, সেখানে কয়েকজন ব্যবসায়ীর হাতে বড় অঙ্কের কাজ কেন্দ্রীভূত থাকে। তারাই নির্ধারণ করেন যে, কারা এনসিটিবিতে চাকরি করবেন, কারা করবেন না। ফলে সেখানে বড় সিন্ডিকেট গড়ে উঠেছে। এটা ভাঙা জরুরি। সরকারকে এ বিষয়ে নজর দিতে হবে। কারণ প্রতি বছর কোটি কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দিতে বিপুল অর্থ ব্যয় করে সরকার। সেই বইয়ের মান ও সময়মতো সরবরাহ নিশ্চিত করতে বড় পদক্ষেপ জরুরি।’