Image description

মাঠে সোনালি ধান। কোথাও চলছে কাটা-মাড়াই, কোথাও ফসল ঘরে তোলার প্রস্তুতি। কয়েক মাসের হাড়ভাঙা পরিশ্রম শেষে নতুন ধান নিয়ে কৃষকের ঘরে আনন্দ ফেরার কথা। কিন্তু উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা বগুড়া, জয়পুরহাট ও নওগাঁয় এবার সেই আনন্দে ভাটা পড়েছে। নতুন ধান বাজারে উঠতেই কোথাও দাম কমতে শুরু করেছে, কোথাও ব্যাপকভাবে কমেছে।। ফলে ভালো ফলন হলেও লাভের নিশ্চয়তা নেই। সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বাবদ বাড়তি ব্যয়ের পর এখন উৎপাদন খরচের হিসাব মেলাতে পারছেন না কৃষক। 

উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় কৃষক 
জয়পুরহাটে নতুন আমন ধান বাজারে আসার সঙ্গে সঙ্গে দামে বড় ধরনের পতন ঘটেছে। কালাইয়ের পাঁচশিরা বাজারে মোটা জাতের মামুন ধান প্রতি মণ এক হাজার ৫০ থেকে এক হাজার ৮০ টাকা, স্বর্ণা-৫ ধান এক হাজার ১০০ থেকে এক হাজার ১৫০ টাকা এবং ধানি গোল্ড এক হাজার ৮০ থেকে এক হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। একই বাজারে গোল্ডেন আতপ ধান এক হাজার ৮৫০ থেকে এক হাজার ৯০০ টাকা এবং বিআর-৯০ আতপ ধান দুই হাজার ২৫০ থেকে দুই হাজার ৩০০ টাকায় কেনাবেচা হয়েছে। 

 

এক সপ্তাহ আগে মোটা জাতের ধান মণপ্রতি এক হাজার ৬০০ থেকে এক হাজার ৬৫০ টাকায় বিক্রি হয়। সেই হিসাবে মামুন ধানের দাম কমেছে ৫২০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। এর আগে পাঁচশিরায় মামুন, বিআর-২৯ ও বিআর-৪৯ ধান এক হাজার ১২০ থেকে এক হাজার ১৩০ টাকায় বিক্রি হয়েছিল।

পুনটহাট বাজার এলাকার কৃষক আকরাম হোসেন জানান, আগে মোটা জাতের ধান মণপ্রতি এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ টাকায় বিক্রি করলেও এখন দাম নেমেছে প্রায় এক হাজার ১০০ টাকায়। তিনি বলেন, উৎপাদন খরচ বাড়ার বিপরীতে ধানের দাম কমায় কৃষকরা আর্থিক চাপে পড়ছেন। সেখানকার কৃষক ফজলুল হক এবার ২০ বিঘা জমিতে বিভিন্ন জাতের ধান আবাদ করেছেন। বিঘাপ্রতি ১৪ থেকে ১৫ মণ হিসাবে তাঁর উৎপাদন হয়েছে ২৮০ থেকে ৩০০ মণ। জমি প্রস্তুত, পরিচর্যা, ধান কাটা ও মাড়াই পর্যন্ত তার মোট উৎপাদন ব্যয় দাঁড়িয়েছে পাঁচ লাখ টাকার বেশি। বাজারে ধানের দরপতন দেখে তিনি বলেন, একমাত্র ধানই লাভজনক ছিল। এখন মনে হয় সেটাও গেল।

 

পাঁচশিরা বাজারের ব্যবসায়ী সাহেদ আলী বলেন, ধানের দানার মান ও শুকনো অবস্থার ওপর বাজারদর নির্ভর করে। নতুন ধানের সরবরাহ বৃদ্ধি এবং কিছু ধানের মান ভালো না হওয়াকে দাম কমার কারণ বলে মনে করেন তিনি। জয়পুরহাটের জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সরকারি সংগ্রহমূল্যে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে কিনা, সেটি নজরদারি করা হবে।

বগুড়ায় লাভের হিসাব কঠিন 
বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার কৃষকদের হিসাবে, এবার জমি প্রস্তুত, সার, কীটনাশক, সেচ, শ্রমিক ও পরিবহন প্রায় প্রতিটি খাতে খরচ বেড়েছে। শেরপুরের কৃষকদের হিসাবে, প্রতি বিঘায় উৎপাদন খরচ নিজেরা চাষ করলে হচ্ছে ১১ থেকে ১৩ হাজার টাকা। বাজারে প্রতি মণ ধান এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বিঘাপ্রতি ফলন ১২ থেকে ১৫ মণ হলে কৃষকের মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১৩ হাজার ২০০ থেকে ১৮ হাজার টাকা। 
ধুনট উপজেলায় উৎপাদন ব্যয় পাশের উপজেলা শেরপুর থেকে অনেক বেশি। এবার ১৮ থেকে ২১ হাজার টাকা পর্যন্ত খরচ হওয়ার কথা জানিয়েছেন অনেক কৃষক। ধুনটের কৃষক রাগেবুল রহমান জানান, ধান উৎপাদনের খরচ বাড়লেও বাজারে সেই অনুপাতে দাম পাওয়া যাচ্ছে না। এর আগে আলু চাষে লোকসান গুনেছেন। ধানেও প্রত্যাশিত দাম না পেলে আর্থিক সংকট আরও বাড়বে।

নওগাঁতেও দুশ্চিন্তা উৎপাদন ব্যয়ে 
দেশের অন্যতম ধান উৎপাদনকারী জেলা নওগাঁয় এবার এক লাখ ৯৬ হাজার ১৩০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। মহাদেবপুর উপজেলার বাগডোব গ্রামের কৃষক জিয়া মিয়া দুই বিঘা জমিতে স্বর্ণা-৫ জাতের আমন আবাদ করেছেন। তার হিসাব অনুযায়ী, কীটনাশক প্রয়োগে ছয় হাজার টাকা, সেচে ১০ হাজার টাকা এবং ধান কাটা-মাড়াইয়ে প্রায় আট হাজার টাকা ব্যয় হয়েছে। এর বাইরে সার, বীজ ও জমি প্রস্তুতের খরচও রয়েছে। 

মান্দা উপজেলার মোহাম্মদপুর গ্রামের কৃষক মশিউর রহমান আমনের উৎপাদন খরচ ও সরকারি সংগ্রহমূল্যের মধ্যে সামঞ্জস্য আনার দাবি জানিয়েছেন। চলতি মৌসুমে সরকার প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করেছে ৩৫ টাকা। সেই হিসাবে ৪০ কেজির প্রতি মণ ধানের দাম এক হাজার ৪০০ টাকা। সিদ্ধ চাল কেজি ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহ করা হবে।

এই বাজারদর অনুযায়ী সরকারি সংগ্রহমূল্যের সঙ্গে প্রতি মণে ২০০ থেকে ৩০০ টাকার পার্থক্য রয়েছে। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান জানান, সেচের খরচ বেড়ে যাওয়ায় সরকারি গুদামে ধানের সংগ্রহমূল্য প্রতি কেজিতে এক টাকা বাড়ানোর বিষয়ে কৃষি মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ে মতামত দেওয়া হয়েছিল। তবে তা কার্যকর হয়নি। নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানান, ভালো আবাদ ও ফলনের কারণে কৃষকরা সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করে লাভবান হতে পারবেন।

অনেক কৃষক আমন ধান কাটার পর একই জমিতে আলু, সরিষা, গম কিংবা শীতকালীন সবজি আবাদ করেন। ফলে তাদের দ্রুত টাকার প্রয়োজন হয়। অনেকে ঋণ নিয়ে ধান চাষ করেন। সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এবং ঋণ পরিশোধের চাপ তাদের দ্রুত বাজারে ধান বিক্রিতে বাধ্য করে।

সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) বগুড়া জেলার সম্পাদক কেজিএম ফারুক বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি সংগ্রহ কার্যক্রম কতটা কার্যকর হচ্ছে, প্রকৃত কৃষকরা কতটুকু ধান সরাসরি গুদামে বিক্রি করতে পারছেন এবং বাজারে দর পতনের পেছনে কোনো অনিয়ম রয়েছে কিনা, এসব প্রশ্নের উত্তর পাওয়া জরুরি।