নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই। চাল, আটা, ময়দা, তেল, মাছ, মাংসসহ প্রতিদিনের প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই কোনো না কোনোভাবে বাড়ছে। দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতির কারণে সবচেয়ে বেশি চাপে পড়েছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। আয় না বাড়লেও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেক পরিবারকে প্রয়োজনীয় খরচ কমিয়ে সংসার চালাতে হচ্ছে।
সরকারি হিসাবে মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও এর সুফল সাধারণ মানুষের জীবনে কতটা পৌঁছেছে, সেটিই বড় প্রশ্ন। মূল্যস্ফীতির হার কমার অর্থ পণ্যের দাম কমে যাওয়া নয়; দাম বাড়ার গতি কমলেও আগের বাড়তি দাম অনেক ক্ষেত্রেই বহাল থাকে। ফলে মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমতেই থাকে।
সাম্প্রতিক বাজারচিত্রও উদ্বেগজনক।
আটার দাম বেড়েছে, ময়দার দাম বেড়েছে, ব্রয়লার মুরগি ও বিভিন্ন ধরনের মাছের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে। এমনকি খেটে খাওয়া মানুষের দৈনন্দিন খাবারের অংশ বেকারি পণ্যের দাম বাড়ার পাশাপাশি কোথাও কোথাও ওজন কমানোর অভিযোগও রয়েছে। এতে একই অর্থ ব্যয় করে ভোক্তা আগের তুলনায় কম পণ্য পাচ্ছেন।
ব্যবসায়ীদের বক্তব্য, উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণে পণ্যের দাম বাড়াতে হচ্ছে।
ময়দা, চিনি, তেল, গ্যাসসহ বিভিন্ন উপকরণের মূল্যবৃদ্ধি যে উৎপাদন খরচে প্রভাব ফেলে, তা অস্বীকার করার সুযোগ নেই। তবে সেই সুযোগে কোনো পর্যায়ে অস্বাভাবিক মুনাফা করা হচ্ছে কি না, কৃত্রিম সংকট বা মজুতদারি হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা জরুরি।
চালের বাজারেও কৃষকের ধানের দাম ও ভোক্তার চালের দামের মধ্যে পার্থক্য নিয়ে প্রশ্ন রয়েছে। উৎপাদন থেকে বাজারজাতকরণের প্রতিটি ধাপে খরচ ও মুনাফার হিসাব স্বচ্ছ হওয়া প্রয়োজন। বাজারে সিন্ডিকেট বা অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে টিসিবির মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি গুরুত্বপূর্ণ। নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের ব্যবস্থা আরও কার্যকর করা দরকার। তবে শুধু বাজারে অভিযান চালিয়ে সমস্যার স্থায়ী সমাধান হবে না। উৎপাদন ও সরবরাহ বাড়ানো, জ্বালানি সংকট দূর করা, বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করা এবং মানুষের আয় ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগও জরুরি।
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ শুধু অর্থনৈতিক বিষয় নয়; এটি মানুষের জীবনযাত্রা ও সামাজিক স্থিতিশীলতার সঙ্গেও জড়িত। তাই সরকারকে বাজারের প্রতিটি স্তরে নজরদারি বাড়াতে হবে। মানুষের আয় অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সক্ষমতা নিশ্চিত করাই হওয়া উচিত বাজার ব্যবস্থাপনার অন্যতম প্রধান লক্ষ্য। প্রশ্নটি তাই থেকেই যায়- নিত্যপণ্যের দাম বাড়ছেই, লাগাম টানবে কে?
শীর্ষনিউজ