ইসলামী ব্যাংকের গ্রাহকদের আস্থা ফেরাতে দ্রুত নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠন এবং বিতর্কিত ‘এস আলম গ্রুপ’-এর মালিকানাধীন শেয়ারগুলো ব্যাংকের পুরোনো ও প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।
বুধবার (১৭ জুন) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে ফোরামের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
বৈঠকে গ্রাহক ফোরামের প্রতিনিধিরা উল্লেখ করেন, ব্যাংকের সামগ্রিক স্থিতিশীলতা ও আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠন করা জরুরি। একই সঙ্গে বিগত সময়ে অনিয়মের মাধ্যমে হাতিয়ে নেওয়া এস আলমের শেয়ারগুলো পূর্বের বৈধ মালিকদের কাছে ফেরত দেওয়ার জোর দাবি জানান তারা।
এদিকে এক বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জানিয়েছে, মেয়াদপূর্তির আগে যেসব গ্রাহক তাদের সঞ্চয় ও আমানত হিসাব ভেঙে ফেলেছেন, তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে তা পুনরায় চালু করতে পারবেন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় গত ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে যেসব গ্রাহক জরুরি প্রয়োজনে বা আতঙ্কে আমানত হিসাব বন্ধ করেছিলেন, কেবল তারাই এই বিশেষ সুবিধা পাবেন।
ব্যাংক কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, নতুন করে চালু করা হিসাবগুলো গ্রাহকদের পুরোনো হিসাবেই তালিকাভুক্ত হবে। এছাড়া হিসাবগুলো পুনরায় সচল করার ক্ষেত্রে ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী যে ধরনের আরোপিত খরচ বা আর্থিক ক্ষতি হওয়ার কথা ছিল, বর্তমান পরিস্থিতি বিবেচনায় গ্রাহকদের স্বার্থে তা সম্পূর্ণ মওকুফ করা হবে।
শীর্ষনিউজ