সিলেটের জৈন্তাপুরে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ প্রকল্পের কাজে নিয়োজিত ট্রাকচালকদের মারধর ও চাঁদা দাবির অভিযোগে রহমত মারুফ নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর উপজেলার বিরাখাই ইউনিয়নের হাটিরগ্রাম এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক রহমত মারুফ জৈন্তা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়গাং নদীর তীরবর্তী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের একটি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের অংশ হিসেবে খাল খননের মাটি ট্রাকে করে বাঁধ এলাকায় নেওয়া হচ্ছিল।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মাটিবোঝাই ট্রাকগুলো হাটিরগ্রাম এলাকায় পৌঁছালে রহমত মারুফের বাড়ির সামনে তার পিতা জামাল আহমদ ও আরও কয়েকজন যুবক ট্রাকগুলোর গতিরোধ করেন। অভিযোগ রয়েছে, তারা ট্রাকচালক ও শ্রমিকদের মারধর করে কাজ চালিয়ে যেতে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ট্রাকচালক মাহফুজুর রহমান ও প্রকল্প ম্যানেজার ফারুক আহমেদের ওপর হামলা চালানো হয় এবং একটি ট্রাক ভাঙচুর করা হয়। এ সময় ম্যানেজারের কাছে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পরবর্তীতে এ ঘটনায় ট্রাকচালক মাহফুজুর রহমান বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রহমত মারুফকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পে বাধা ও চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।