Image description

রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল বিনা উস্কানিতে শিবির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। একই সাথে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর ভিপি-জিএস। 

সোমবরা রাতে শিবির কেন্দ্রীয় সভাপতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘বিনা উস্কানিতে আজ ছাত্রদলের সন্ত্রাসীরা ঢাকা পলিটেকনিকে আমাদের ভাইদের রক্তাক্ত করেছে। আমরা ক্যাম্পাসগুলোকে শান্তিপূর্ণ রাখতে চাই। সরকার যদি তা না চায়, তবে দায় তাদের।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম এই হামলাকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘ঢাকা পলিটেকনিকে রাতের অন্ধকারে ছাত্রাবাসে ঢুকে শিবিরকর্মীদের ওপর রামদা, রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে ছাত্রদল। একদিকে খুন, ধর্ষণ ও চাঁদাবাজিতে জনজীবন বিপর্যস্ত; অন্যদিকে ক্যাম্পাসগুলোতে চলছে ছাত্রলীগীয় কায়দায় হামলা ও দখলদারিত্ব। আর প্রশাসন বরাবরের মতোই সেই পুরোনো চাটুকার ভূমিকায় লিপ্ত!’ তিনি সরকারকে সতর্ক করে বলেন, ক্যাডার বাহিনীকে না সামলালে এর জন্য ‘চড়া মূল্য’ দিতে হবে।

অন্যদিকে, ডাকসু জিএস এস এম ফরহাদ পুলিশি ভূমিকার সমালোচনা করে লিখেছেন, ‘ঢাকা পলিটেকনিক ছাত্রাবাসে ছাত্রশিবিরের জনশক্তিদের ওপর ছাত্রদল সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে সশস্ত্র রাজনীতির সূচনা করল। পুলিশ দীর্ঘ সময় ধরে ছাত্রাবাসের বাইরে দাঁড়িয়ে নীরব ভূমিকা পালন করেছে।’ 

তিনি আরও যোগ করেন, ‘বিএনপি ক্ষমতায় আসার পর ছাত্রদল যদি আশির দশকের সশস্ত্র রাজনীতি ফেরাতে চায়, তাহলে দিনশেষে ছাত্রলীগের পরিণতিই ভোগ করতে হবে।’

এর আগে, মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টার দিকে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ শিক্ষার্থী গুরুতর হামলার শিকার হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।