Image description

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অংশগ্রহণের সিদ্ধান্ত এখনো হয়নি।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আসিফ মাহমুদের মিডিয়া বিভাগের সহকারী মেহেদী মুন্না।

জানতে চাইলে মেহেদী মুন্না এয়িশা পোস্টকে বলেন, ‘এ বিষয়ে দলীয় ফোরামে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অফিসিয়ালি সিদ্ধান্ত কয়েক দিনের মধ্যে আসতে পারে। তখন জানিয়ে দেওয়া হবে।’

এই বিষয়ে এনসিপির মিডিয়া বিভাগের প্রধান মাহবুব আলম বলেন, ‘এটা আনঅফিশিয়াল সিদ্ধান্ত, অফিসিয়াল সিদ্ধান্ত এখনো হয়নি।’

এর আগে রোববার বিকাল সাড়ে ৪টার দিকে সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীক থাকছে বলে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে জানান আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

পোস্টে তিনি লেখেন, ‘সিটি নির্বাচনসহ যেকোনো স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। উপদেষ্টা থাকাকালীন সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা হয়েছে। সুতরাং দলীয় প্রতীক ও মনোনয়ন ছাড়াই অংশগ্রহণ করা যাবে স্থানীয় সরকার নির্বাচনে।’

‘এ বিষয়ে আজকে ইসির বক্তব্য বিভ্রান্তিকর। রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার ভিত্তিতেই এই সংস্কার বাস্তবায়ন করা হয়েছে। ইসিকে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইনগুলো ভালোভাবে অধ্যয়ন পূর্বক মন্তব্য করার অনুরোধ থাকবে।’