Image description

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হারার থেকে চারদিন বিভিন্ন কর্মসূচি পালন করে হারাগাছ, পীরগাছা ও কাউনিয়া বিএনপি। এবার নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের হারাগাছ সফর ঘিরে শুরুতে হরতালের ঘোষণা করলেও পরে তা থেকে সরে এসে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে হারাগাছ পৌর বিএনপি। 

এদিন দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার লোকজনের সঙ্গে কুশলবিনিময়, শহীদ লাভলুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও হারাগাছ থানা পরিদর্শনের কথা রয়েছে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের।

সংসদ সদস্য আখতার হোসেন এক ফেসবুক পোস্টে লিখেছেন, আমার হারাগাছে আসা নিয়ে যদি কিছু ঘটে তার দায় ভরসা এবং বিএনপির হাইকমান্ডকে নিতে হবে। আমরা হারাগাছের নিপীড়িত শ্রমিকদের পক্ষে কাজ করে যাব ইনশাআল্লাহ।

তিনি ফেসবুক পোস্টে আরো লেখেন, সরকার গঠন করেছে বিএনপি আর নতুন সরকারের আমলে প্রথম হরতাল হচ্ছে বিরোধী দলের সংসদ সদস্যের বিরুদ্ধে। রংপুর-৪ এর হারাগাছে আজ আমার বিরুদ্ধে হরতাল ডেকেছে এমদাদুল ভরসার পৌর বিএনপি।

এনারা আসলে বিএনপি করেন না, ভরসা করেন। কিন্তু বিএনপির সরকার গঠনের আভাস পাওয়ার পর থেকে বাড়িঘর ভাঙচুর, লোক পেটানো, রক্তাক্ত করা, লুটপাট, ভয়ভীতি দেখানো, আন্দোলনের নামে সহিংসতা সব করছে বিএনপির নামে

এ বিষয়ে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, হারাগাছ পৌর শহরে সংসদ সদস্য আখতার হোসেনের সফর ঘিরে যাতে কেউ আইনশৃঙ্খলার অবনতি করতে না পারে সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।

এসব অভিযোগ প্রসঙ্গে জানতে কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি ও রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার সাথে মুঠোফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।