Image description

মায়ের জানাজায় প্যারোলে মুক্তি পেয়ে সাভারে এসে ধসে পড়া আলোচিত রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানা উপস্থিত সবার কাছে মাফ চেয়েছেন। এ সময় সাভার মডেল থানার পুলিশ উপস্থিত ছিল।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সোহেল রানা কাশিমপুর কারাগার থেকে প্রায় এক যুগ পর কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে সন্ধ্যায় সাভার পৌর এলাকার মাদরাসা মসজিদে তার মায়ের জানাজায় অংশ নেন।

এ সময় রানা প্লাজার মালিক সোহেল রানা উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে মাফ করবেন সবাই।’

রানার চাচাতো ভাই জাহাঙ্গীর আলম জানান, আমরা চাচি মর্জিনা বেগম দীর্ঘদিন যাবৎ ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে প্যারোলে আবেদন করলে সোহেল রানাকে সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ সাভারে নিয়ে আসে। এ সময় রানা সবার কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। পরে জানাজা শেষে তাকে সাড়ে ৭টার দিকে কারাগারে নিয়ে যায় পুলিশ। রানার সাভারে মায়ের জানাজায় অংশ নেওয়ার বিষয়টি ছিল বেশ গোপনীয়।