Image description
 

নীলফামারীর কিশোরীগঞ্জের পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কবিরুল ইসলাম নামের এক জামায়াত নেতার বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। এ সময় অগ্নিদ্বগ্ধ হয়ে দুটি গরু ও দুটি ছাগল মারা গেছে।

 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার পুটিমারি ইউনিয়নের ভেড়ভেড়ি খেজুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কবিরুল ইসলাম জামায়াত ইসলামীর পুটিমারি ইউনিয়নের সাবেক আমির। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি তার।

 

কবিরুল ইসলাম বলেন, ঘটনার রাতে তারাবি নামাজ শেষ করে বাড়ি ফিরে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। পরে আমার নাতি টয়লেট যাওয়ার জন্য উঠে দেখে গোয়ালঘরে আগুন লেগেছে, যা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়েছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় ততক্ষণে আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

 

কিশোরীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে এলাকার আরও দশ পরিবার রক্ষা পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোয়ালঘরের কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে কিশোরীগঞ্জ উপজেলা জামায়াত আমির আব্দুর রশিদ শাহ্ দেশ রূপান্তরকে বলেন, উপজেলা জামায়াতের পক্ষে শনিবার সকালে কবিরুল ইসলামের পরিবারকে আর্থিক সহয়তাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।