Image description

শপথ নেওয়ার পর প্রথম কার্যদিবসে মন্ত্রণালয়ে যোগ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আজ মন্ত্রণালয়ে প্রথম দিন। দীর্ঘ ৩৩ বছর আগে যে অফিসে বসে আব্বু দেশের জন্য কাজ করেছিলেন, আজ আমি সেই একই অফিসে বসে দেশের জন্য কাজ করতে যাচ্ছি।”

নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন সাবেক প্রতিমন্ত্রী, প্রয়াত ফজলুর রহমান পটল–এর মেয়ে। ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে ১৯৯৩ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং ২০০১ সালে চারদলীয় জোট সরকারের সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া ফজলুর রহমান পটল ২০১৬ সালের ১১ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে জয়ী হন ফারজানা শারমিন। প্রথমবার সংসদ সদস্য হয়েই তিনি সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, যেখানে একসময় তাঁর বাবা দায়িত্ব পালন করেছিলেন।

নিজের পোস্টে তিনি আরও লেখেন, “দিন-রাতে এমন কোনো মুহূর্ত নেই যখন আমার বাবা আমার সঙ্গে থাকেন না। আজ অফিসে বসে পাশের বোর্ডের ৬ নম্বর তালিকায় আব্বুর নামের দিকে যতবার চোখ পড়েছে, মনে হয়েছে আব্বু আমাকে বলছেন, ‘আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছিলাম’।”

নতুন সরকারের অন্তত সাতজন প্রতিমন্ত্রী বাবার রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন, ফারজানা শারমিন তাদের অন্যতম।

শীর্ষনিউজ