টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট
বিজয়ের শুভেচ্ছা, অভিনন্দনের পর এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান তারেক রহমানকে ফোন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে শনিবার তার কাছে মিষ্টি ও ফুল পাঠিয়েছেন মমতা। প্যাকেটের সঙ্গে তারেক রহমানের উদ্দেশে একটি চিঠিও ছিল। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমান ঢাকার গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ফুল ও মিষ্টি গ্রহণ করেন। সেখানে বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদিও উপস্থিত ছিলেন। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও, বিএনপি সূত্র জানিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ও তারেক রহমানের মধ্যে ফোনালাপও হয়েছে। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে লিখেছেন, ‘আমি তারেক ভাই, তার দল এবং অন্যান্য রাজনৈতিক দলকে এই বিশাল জয়ের জন্য অভিনন্দন জানাই। আমি সবসময় আশা করি যে বাংলা ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।’
নির্বাচনের ফল প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এই বার্তা পোস্ট করেন। তারেক রহমান ১৭ই ফেব্রুয়ারি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তাকে পশ্চিমবঙ্গ সংশ্লিষ্ট একাধিক দ্বিপাক্ষিক ইস্যু মোকাবিলা করতে হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিএনপির একজন নেতা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, তিস্তা পানি বণ্টন চুক্তি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যা তারেক রহমানকে সমাধান করতে হবে। বিএনপির নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, দলটি বাংলাদেশের ন্যায্য পানির অংশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবে।
মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই তিস্তা পানি বণ্টনের বিরোধিতা করে আসছেন। তার বক্তব্য, নদীতে পর্যাপ্ত পানি নেই এবং পানি ভাগাভাগি করলে উত্তরবঙ্গের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিষয়টি সমাধানে আন্তর্জাতিক ফোরামে যাওয়ার কথাও বলেছিল। এমন প্রেক্ষাপটে মমতার এই উপহার পাঠানোকে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েন কমানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। গত ডিসেম্বরে তারেক রহমানের মা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পরও মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তা পাঠান। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্যও পরিচিত। শেখ হাসিনা প্রায়ই তাকে বোন বলে উল্লেখ করতেন। হাসিনা ও মমতা প্রায়ই একে অপরকে উপহার পাঠাতেন। যার মধ্যে ছিল ইলিশ মাছ ও মিষ্টি।