এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণার পর থেকেই কুড়িগ্রাম-৪ আসনে চমক ছিল আপন দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা। বড় ভাই আজিজুর রহমান ধানের শীষ এবং ছোট ভাই মোস্তাফিজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে নামেন। এলাকায় জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতার দিক থেকে দুজনই ছিলেন সমানে সমান।
দুই ভাইকে নিয়ে ভোটারদের মাঝেও ছিল নানা জল্পনাকল্পনা ও কৌতূহল। ছোট ভাই মোস্তাফিজুর রহমান ২৩ হাজার ৭৮৭ ভোটের ব্যবধানে বড় ভাই আজিজুর রহমানকে পরাজিত করে। মোস্তাফিজুর রহমান এক লাখ আট হাজার ২১০ ভোট পেয়ে জয় লাভ করেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান পান ৮৪ হাজার ৪২৩ ভোট। ফল ঘোষণার পর মোস্তাফিজুর রহমানের সমর্থকেরা উল্লাসে মেতে উঠে।
কুড়িগ্রাম সদর উপজেলার ভোটার চয়ন পাটোয়ারী বলেন, ‘কুড়িগ্রাম-৪ আসনে দুই ভাইয়ের লড়াইয়ে কে হারে কে জেতে দেখার অপেক্ষায় ছিলাম। অবশেষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই জয়-পরাজয় নির্ধারিত হয়েছে শুনে খুব ভালো লাগছে। ছোট ভাই তার বড় ভাইকে সঙ্গে নিয়েই জনগণ ও এলাকার উন্নয়ন করবে এমনটাই প্রত্যাশা করি।’ এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার বড় ভাই রাজনৈতিকভাবে অভিজ্ঞ। একসময় আমি তার হাত ধরেই রাজনীতি শুরু করেছিলাম। বড় ভাই ও আমার দলের সমর্থক সবাইকে সঙ্গে নিয়েই কুড়িগ্রাম-৪ আসনের উন্নয়নে কাজ করতে চাই।’
তিনি আরো বলেন, ‘জনগণ উন্নয়ন ও নীতির পক্ষে ভোট দিয়ে তাদের রায় দিয়েছেন। এখন আমি সবার প্রতিনিধি হয়ে সেবা করতে চাই। দলমত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব ইনশাআল্লাহ।’