জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘সবগুলো রাজনৈতিক দল গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা করেছে। বিএনপির চেয়ারপরসন থেকে শুরু করে সিনিয়র সব নেতৃবৃন্দ ‘হ্যাঁ’ ভোট-এর কথা বললেও মাঠ পর্যায়ে তাদের একজন প্রার্থী ‘না’ ভোটের প্রচারণা করেছে। এটা তাদের রাজনৈতিক দ্বিচারিতা বলে আমি মনে করি। আর তাদের দলে যে শৃঙ্খলা নেই এটি তা প্রমাণ করে। তবে এমন বিচ্ছিন্ন চেষ্টায় গণভোটে ‘হ্যাঁ’ পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘গত দুটি নির্বাচনে আমি ভোটার ছিলাম কিন্তু ভোট দিতে পারিনি। এবারই প্রথম ভোট দিলাম। এটি আমার মতো চার কোটি তরুণ ভোটারের নতুন অভিজ্ঞতা। সারা দেশের মানুষ যে উল্লাসের মধ্য দিয়ে ভোট দিতে যাচ্ছেন সেটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।’
তিনি আরও বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়ে আমরা খুবই হতাশ। কিছু কেন্দ্রে আমাদের প্রার্থীর পোলিং এজেন্টদের বাড়িতে হামলা হয়েছে। কিন্তু এমন সংকটকালীন সময়ে আমরা যদি প্রশাসনের সাড়া না পাই তবে সেটা দুঃখজনক।’