Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ (বৃহস্পতিবার)। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বহুল কাঙ্ক্ষিত এ নির্বাচনে এককভাবে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি বিএনপি জোটের শরিকদল হিসেবে অংশ নিচ্ছে প্রাচীনতম ইসলামী রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।আর জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিকদল হিসেবে অংশ নিচ্ছে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস।

এবারের নির্বাচনে দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে কে কোন এলাকায় ভোট দেবেন, কালবেলাকে বিস্তারিত জানিয়েছে চার দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সমন্বয় বিভাগ।

 

ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন

 

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ কালবেলাকে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট কেন্দ্রের ভোটার। তিনি সেখানেই ভোট প্রদান করবেন।

দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী লালার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

দলের মহাসচিব ও খুলনা-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ রুপসা উপজেলার কেবিএম হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন।

এ ছাড়া যুগ্ম মহাসচিব ও ঢাকা-১১ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ রামপুরা একরামুন্নেসা হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-৯ আসনের প্রার্থী শাহ ইফতেখার তারিক খিলগাঁও সিপাহীবাগ এলাকার সানরাইজ কিন্ডারগার্ডেন কেন্দ্রে ভোট প্রদান করবেন।

জমিয়তের শীর্ষ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন

জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী কালবেলাকে জানান, দলটির সভাপতি ও সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনের বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক নিজ এলাকায় গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোট দেবেন।

সিনিয়র সহসভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী নিজ এলাকা হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ভোট দেবেন। সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের বিএনপি-জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব নিজ গ্রাম অষ্টগ্রাম ভোট সেন্টারে ভোট প্রয়োগ করবেন।

দলের মহাসচিব ও নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনের বিএনপি-জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নিজ গ্রামের ভোটকেন্দ্রে ভোট দেবেন।

এ ছাড়া যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপি -জমিয়ত মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী নিজ এলাকা নারায়ণগঞ্জ মুসলিমনগর ভোটকেন্দ্রে ভোট দেবেন।

খেলাফত মজলিসের শীর্ষ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন

খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু কালবেলাকে জানান, দলটির আমির মাওলানা আবদুল বাছিত আজাদ হবিগঞ্জ-০২ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি স্থানীয় বানিয়াচং গরিব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।

দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের হবিগঞ্জ-০৪ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি মাধবপুর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।

নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনা-০৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি রূপসা কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন। এ ছাড়া নায়েবে আমির ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুল্লাহ ফরিদ রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক মাওলানা হাসান জুনাইদ কালবেলাকে জানান, দলটির আমির ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মাদ মামুনুল হক মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

মজলিস অভিভাবক পরিষদের সদস্য ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আকরাম আলী সালথা উপজেলার বাহিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন।

সিনিয়র নায়েবে আমির ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা ইউসুফ আশরাফ ঢাকার চকবাজারস্থ ইসলামবাগ মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।

কেন্দ্রীয় নায়েবে আমির ও সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী মাওলানা শাহীনূর পাশা চৌধুরী স্থানীয় মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

আর দলের মহাসচিব ও শরিয়তপুর-১ আসনের প্রার্থী মাওলানা জালালুদ্দিন আহমাদ ৪৪নং কাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

উল্লেখ্য, দেশের নিবন্ধিত ৫৯ টি রাজনৈতিক দলের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছে ৫১ টি দল। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৫১ দলের প্রার্থীরা নির্বাচন করছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ ভোটার রয়েছে এবারের নির্বাচনে। সারাদেশের আসনভিত্তিক যে ভোটার তালিকা ইসি প্রকাশ করেছে, তাতে দেখা গেছে, এবার ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার। এর মধ্যে পুরুষ ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার এবং নারী ভোটার ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার। এছাড়া হিজড়া ভোটার এক হাজার ১২০ জন।