Image description

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়েছে, “সারা বাংলাদেশ যে কোনো সময় গর্জে উঠবে। ৭১ সালে বাঙালি মুক্তিযোদ্ধারা কেমন ছিল এই নেন প্রমাণ। সেনাবাহিনীর অস্ত্রের মুখে দাঁড়িয়েই গণতন্ত্র রক্ষার স্লোগান ‘অবৈধ নির্বাচন মানি না… মানবো না’। এরাই হচ্ছে নতুন প্রজন্মের বাঙালি বীর মুক্তিযোদ্ধা।”

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ‘মানি না মানব না নির্বাচন মানি না’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে। একই ভিডিও শেয়ার করে আরেকটি পোস্টে লেখা হয়েছে, “বীর সেনানী মুজিব সৈনিক ‘বৈধ নির্বাচন মানি না মানবো না।”

দ্য ডিসেন্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি কোনো রাজনৈতিক মিছিল বা দলীয় কর্মসূচির নয়।

কিওয়ার্ড সার্চ করে একই ভিডিও ‘নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া’ শিরোনামে Face the People এর ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। একইসঙ্গে বার্তা২৪ এ প্রকাশিত ‘নির্বাচনে নাশকতা প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া’ শিরোনামের একটি প্রতিবেদনে ভিডিওটির প্রেক্ষাপট ব্যাখ্যা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার (৯ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় ও পুলিশ সুপার কার্যালয়ের সামনে যৌথ বাহিনীর একটি মহড়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সেনাবাহিনী দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে মহড়া পরিচালনা করছে। চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত এই কার্যক্রমও সেই নিয়মিত মহড়ারই অংশ।

ভিডিওটি সম্পর্কে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ দ্য ডিসেন্টকে বলেন, এটি আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত নিয়মিত যৌথ বাহিনীর মহড়ার অংশ।

অর্থাৎ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি কোনো রাজনৈতিক দল বা আওয়ামী লীগের মিছিলের নয়; এটি ছিল নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর একটি পূর্বনির্ধারিত মহড়া।May be an image of text that says