‘বাংলাদেশ ক্রিকেটে ফিরবে মাথা উঁচু করে- গর্ব নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে’ মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকতো টিভি স্ক্রিনে, সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে।’
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন জামায়াত আমির। পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তিনি। প্রতীকী ছবিটিতে দেখা যায়, একজন ক্রিকেটার তার কক্ষে বসে আছেন। সামনে ক্রিকেট খেলার সামগ্রী ছড়ানো। টেলিভিশনে লেখা উঠে আছে, টি-২০ বিশ্বকাপের উদ্বোধন। ক্ষমতায় গেলে ক্রিকেটের জন্য কী করবেন, তাও জানিয়েছেন তিনি।
ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো।’
তিনি বলেন, ‘প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সাথে কোনো আপস নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাব, ইনশাআল্লাহ। বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে- গর্ব নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে।’