Image description
 

ভারতে খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশ বাদ পড়ায় সংহতি জানিয়ে পাকিস্তান সিদ্ধান্ত নেয়, তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। ম্যাচটি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। এই ম্যাচ না হলে আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভারত ম্যাচ বয়কট নিয়ে পুনর্বিবেচনার আকুতি জানায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাতে কিছুটা মন গলেছে পাকিস্তানের। তাদের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়ে আবারো সরকারের সঙ্গে আলাপ করবে পিসিবি।

পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বো ও পাল্লেকেলেতে। আজ (শনিবার) উদ্বোধনী ম্যাচে তারা নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারিয়েছে। তাদের পরের ম্যাচ যুক্তরাষ্ট্রের সঙ্গে। তৃতীয় ম্যাচ খেলার কথা ছিল ভারতের সঙ্গে। সেই ম্যাচ পাকিস্তান না খেললেও নিয়ম অনুযায়ী ভারতকে শ্রীলঙ্কায় ম্যাচের সব আনুষ্ঠানিকতা সারতে হবে। আপাতত আশার আলো দেখা যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, ‘সরকারি ও ক্রিকেট পর্যায়ে শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তান সবসময় খুব ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে। সুতরাং তাদের বোর্ড থেকে পাঠানো মেইল উপেক্ষা করা যায় না।’ তিনি আরও যোগ করেছেন, ‘শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্ট শাম্মি সিলভা সরকারি মহসিন নাকভির সঙ্গে যোগাযোগ করেছেন এবং মনে করিয়ে দিয়েছেন যে এই সময় শ্রীলঙ্কার পাশে পাকিস্তানের প্রয়োজন। পাকিস্তান ও ভারত ম্যাচ ছাড়া শ্রীলঙ্কান বোর্ড গেট অর্থ, হসপিটালিটি বিক্রির বেশ কিছু বাড়তি রাজস্ব হারাবে।’

 

নাকভি লঙ্কান বোর্ড প্রেসিডেন্টকে বলেছেন, তিনি সরকারের সঙ্গে আলোচনা করবে। শ্রীলঙ্কার অনুরোধ প্রত্যাখ্যান করার যে খবর গণমাধ্যমে ছড়িয়েছে, সেটা সঠিক নয় বললেন ওই সূত্র, ‘পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তো গতকাল থেকে দেশেই ছিলেন না। আজ তিনি ফিরবেন। ভারত ম্যাচ বয়কট নিয়ে পুনর্বিবেচনার অনুরোধ করে তিনি প্রধানমন্ত্রীকে মেইলটি দেবেন। সোমবারের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’