Image description
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফা, সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক ঘোষিত ২০৩০ ভিশন, তারেক রহমানের সমন্বয়ে ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ এবং তরুণ ভোটারদের আকাঙ্খাকে বিবেচনায় নিয়ে ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহার ঘোষণা করা হবে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিক, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেলা সাড়ে ৩টায় হোটেল সোনারগাঁওয়ে বলরুমে এই ইশতেহার ঘোষণা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিচালনা করবেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ইশতেহারে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো জনমুখী সেবা বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, মানবাধিকার সুরক্ষা ও দুর্নীতিবিরোধী কাঠামো শক্তিশালীকরণে সুস্পষ্ট অঙ্গীকার থাকবে। অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতেও বিশেষ প্রতিশ্রুতি দেয়া হবে।

এছাড়া আলেম-ওলামা, সংখ্যালঘু ও কৃষকদের জন্য বিশেষ অগ্রাধিকার দেয়ার প্রতিশ্রুতিও থাকছে বিএনপির ইশতেহারে। বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

দলীয় সূত্র জানায়, জুলাই সনদের আলোকে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ স্বাধীনতা ও নিরপেক্ষতা দেওয়ার পরিকল্পনাও ইশতেহারে গুরুত্ব পাচ্ছে।

শীর্ষনিউজ