ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে নতুন নিয়মে অ্যাপয়েন্টমেন্ট প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
নতুন পদ্ধতি অনুযায়ী, প্রতিদিন দুপুর ১২টা থেকে আবেদনকারীদের জন্য সাইনআপ প্রক্রিয়া চালু করা হয়। এরপর সন্ধ্যা ৬টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিংয়ের সুযোগ দেওয়া হয়। এই ব্যবস্থার আওতায় প্রথম দিন ৮ ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করার সুযোগ দেওয়া হয়েছে।
আইভ্যাক জানিয়েছে, নতুন সিস্টেমে প্রতিদিন পরদিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে পাওয়া যাবে। তবে এজন্য আবেদনকারীদের অবশ্যই বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্ট আপলোড করতে হবে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে আইভ্যাক জানায়, বৃহস্পতিবার একটি নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে। নতুন সিস্টেমের লিংক আইভ্যাকের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। রোববার (৮ ফেব্রুয়ারি) এবং পরবর্তী সব তারিখের অ্যাপয়েন্টমেন্ট এই নতুন সিস্টেমের মাধ্যমেই বুক করতে হবে।
আইভ্যাক কর্তৃপক্ষ আবেদনকারীদের সফলভাবে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার জন্য প্রকাশিত নির্দেশনাগুলো মনোযোগ দিয়ে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।
এ ছাড়া সন্ধ্যা ৬টায় স্লট বুকিংয়ের সময় কোনো জটিলতা এড়াতে আবেদনকারীদের বিকেল সাড়ে ৫টার আগেই ওয়েব ফাইল আপলোড করে সাইনআপ শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।